২২ নভেম্বর ২০২৬, ১৯:৫৬

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীর পরিবার

অভিযুক্ত সোহান মোল্লা  © টিসিডি ছবি ও সম্পাদিত

পটুয়াখালীর বাউফলে অপহরণের ঘটনায় মামলা করে আসামির ভয়ে একটি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে, মামলার একমাত্র আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর স্বজনরা।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি কালিশুরি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ভুক্তভোগী কিশোরীকে (১৬) কালিশুরি নদী বন্দর এলাকা থেকে ভুল বুঝিয়ে, ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন স্থানীয় সোহান মোল্লা (২৩)। পরে দুই দিন বিভিন্ন স্থানে ভুক্তভোগীকে নিয়ে অবস্থান করেন তিনি। থানা পুলিশের তৎপরতা দেখে গত ১০ ফেব্রুয়ারি সোহান মোল্লার স্বজনরা ভুক্তভোগীকে বাউফল থানায় নিয়ে আসেন। ওই দিনই ভুক্তভোগীর মা বাদী হয়ে সোহান মোল্লার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর স্বজন সঞ্জয় দাসের অভিযোগ, অপহরণের ঘটনায় মামলা দায়ের করায় অভিযুক্ত সোহান মোল্লা ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেদিন রাতে মোটরসাইকেলযোগে ১৫ থেকে ২০ জন যুবক ভুক্তভোগীর বাবাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ভয় ও আতঙ্কে এলাকা ছেড়ে পটুয়াখালীর গলাচিপা ও রাজধানী ঢাকায় পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সদস্যরা।

অপরদিকে, আসামি সোহান মোল্লার বিরুদ্ধে প্রায় ১৫ দিন আগে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাকে গ্রেফতার করছে না পুলিশ। আসামি সোহান প্রকাশ্যেই ঘোরাফেরা করছেন। এমনকি বাউফল থানা পুলিশকে একাধিকবার সোহানের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হলেও তাকে গ্রেফতার করা হয়নি। এতে করে কিশোরীর পরিবারের আইনি বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আসামি সোহান মোল্লার দাদা বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় পুলিশ আসামিকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে মামলার আসামি সোহান মোল্লার মন্তব্য জানা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজন জানান, ভুক্তভোগীর সঙ্গে সোহান মোল্লার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে সোহানের পরিবার ভুক্তভোগীকে উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। এরপর সোহান মোল্লার পরিবারের রাজনৈতিক প্রতিপক্ষের কুপরামর্শে ভুক্তভোগীর মা মিথ্যা মামলা করেছেন। ভুক্তভোগীর পরিবারকে কোনো ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়নি। তারা কেন এলাকায় থাকছেন না, বিষয়টি তারা ভালো জানেন বলে জানান ওই স্বজন।

এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রেও আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধীরগতি দুঃখজনক। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামিকে গ্রেফতার না করার বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করা হবে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আসামির অবস্থান সম্পর্কে যখন তথ্য দেওয়া হয়েছিল তখন থানার গাড়ি অন্য একটি কাজে দূরে থাকায় তাৎক্ষণিকভাবে অভিযান চালানো সম্ভব হয়নি। আসামিকে দ্রুতই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ভুক্তভোগী পরিবার এলাকায় থাকতে পারছে না, এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।