এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপারিশ, ততদিন ম্যানেজিং কমিটি দায়িত্ব নিতে পারে
১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে কলেজ পর্যায়ে উত্তীর্ণ অনেক প্রার্থী এখনো না পাওয়ার বিষয়ে ফের বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন। একই সঙ্গে এনটিআরসিএর নিয়োগপ্রক্রিয়ার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আদলে পৃথক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি। তাঁর মতে, বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় দূরবর্তী এলাকায় পদায়নের কারণে শিক্ষকদের ভোগান্তি বাড়ছে।
সেলিম ভূঁইয়া বলেন, ১ থেকে ১২তম নিবন্ধনধারী যাঁরা কলেজ পর্যায়ে রয়েছেন, তাঁদের অনেকের চাকরি হচ্ছে না। এ বিষয়ে আমরা একটি সুপারিশ দিয়েছি, যাতে নির্বাহী আদেশের মাধ্যমে সমস্যাটির সমাধান করা যায়। কারণ, যাঁরা নিবন্ধন সনদ পেয়েছেন, তাঁদের অনেককে গভর্নিং বডি নিয়োগ দেয়নি। গভর্নিং বডির অধীনে অনুষ্ঠিত সাক্ষাৎকারে অংশ নিয়ে তাঁরা যোগ্যতা প্রমাণ করলেও নিয়োগ পাননি।
অন্যদিকে, বর্তমানে এনটিআরসিএ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিচ্ছে। কিন্তু এনটিআরসিএর শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা আইনে কোথায় আছে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, গত সভায় আমি বিষয়টি তুলেছি। কীভাবে তাঁরা নিয়োগ দিচ্ছেন? তাঁরা একটি প্রজ্ঞাপনের কথা বলেন। কিন্তু জাতীয় সংসদে পাস হওয়া আইন পরিবর্তন বা রহিত করতে হলে জাতীয় সংসদে আরেকটি আইন প্রয়োজন। প্রজ্ঞাপন দিয়ে সংসদে পাস হওয়া আইন পরিবর্তন করা যায় না। এটাই আইনের বিধান। এনটিআরসিএর কার্যক্রম নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে। অতীতে তাদের বিরুদ্ধে কয়েক হাজার জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ কারণে আমরা চেয়েছিলাম, পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি কমিশনের মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দেওয়া হোক। যত দিন পর্যন্ত সেই ব্যবস্থা চালু না হচ্ছে, তত দিন পর্যন্ত আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা রাখা যেতে পারে।
কারণ, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কিছু সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ থাকলেও তাঁরা জাল সার্টিফিকেট তৈরি করতে পারেন না। কিছু অসাধু ব্যক্তি হয়তো টাকা নিতে পারেন, কিন্তু অন্তত নিজের এলাকায় চাকরি পাওয়ার সুযোগ থাকে।
সেলিম ভূঁইয়ার বক্তব্য, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একজন শিক্ষককে রাঙামাটি, দিনাজপুর কিংবা ঠাকুরগাঁওয়ের মতো দূরবর্তী এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ কারণে শিক্ষকদের ভোগান্তি বাড়ছে। আমরা চাই, তাঁদের সমস্যাগুলোর সমাধান হোক।
শিক্ষার্থীদের উগ্র স্টাইলে চুল কাটা বন্ধ করতে হবে
সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলার বিষয়ে শিক্ষকদের দায়িত্ব রয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় এ বিষয়ে একটি উদ্যোগ নিয়েছি। আপনারা চাইলে নিজ নিজ এলাকার নেতাদের মাধ্যমে এ ধরনের উদ্যোগ নিতে পারেন।
তিনি বলেন, আমার এলাকায় যত সেলুন রয়েছে, সেগুলোর মালিকদের বলেছি, কিশোরদের অস্বাভাবিক ও উগ্র স্টাইলে চুল কাটা বন্ধ করতে হবে। ১ হাজার ৫০০ টাকা দিয়ে যেসব অস্বাভাবিক চুলের স্টাইল করা হয়, সেগুলো করা যাবে না। পুলিশ বা সেনাবাহিনীর সদস্যরা যেভাবে চুল কাটেন, কিংবা আমরা ছোটবেলায় যেভাবে সাধারণভাবে চুল কাটতাম, সেভাবেই চুল কাটতে হবে।
কাপড়ের দোকানদারদেরও বলেছি, কিশোরদের জন্য বিশেষ ধরনের অস্বাভাবিক পোশাক বিক্রি করবেন না। অনেকে বলেন, তাঁরা এসব পোশাক দোকানে রাখেন না। কিন্তু কিশোররা নতুন প্যান্ট কিনে সেটিকে কেটে-ছিঁড়ে বিভিন্নভাবে পরিবর্তন করে। এরপর ঘষে রং তুলে অন্য রকম স্টাইল তৈরি করে। এই ধরনের কিশোর গ্যাংয়ের সদস্যদের অনেকেই এসব পোশাক ও চুলের স্টাইল অনুসরণ করে।
তিনি বলেন, আপনারা কলেজগুলোতে এ বিষয়ে নোটিশ দিতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে।
একদিন একটি ওয়াজ মাহফিলে ওসি সাহেব আমার সঙ্গে ছিলেন। আমি তাঁকে বলেছিলাম, পুলিশ যখন সাধারণ পোশাকে থাকে, তখন তাদের আচরণও সাধারণ থাকে। কিন্তু যখন খাকি পোশাক পরে, তখন তাদের মধ্যে একটি আলাদা দায়িত্ববোধ ও ভাব তৈরি হয়।
একইভাবে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যের মধ্যেও অস্বাভাবিক চুলের স্টাইল ও পোশাকের কারণে একধরনের দাপট দেখানোর প্রবণতা তৈরি হয়। তারা মনে করে, কাকে ধরবে, কাকে মারবে, কোথায় চাঁদা চাইবে—এসব যেন তাদেরই কাজ। তারা ছোট ছোট প্যাকেটে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। এসব মাদক থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা, আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষকদের অবস্থান
চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কোনো দলের লোক হতে পারে না। তারা যখন আপনাদের কলেজে গিয়ে বলবে, ‘আমাকে চাঁদা দিতে হবে’, তখন আপনারা চাঁদা দেবেন না।
এ ধরনের ঘটনা ঘটলে আমাকে জানাবেন। বিশেষ করে কুমিল্লা বিভাগের যাঁরা আছেন, তাঁরা আমাকে জানাবেন। যেহেতু আমি এই বিভাগের সাংগঠনিক সম্পাদক, তাই বিভাগের সব সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে।
আমি তাঁদের বিষয়টি জানাব। অমুক ব্যক্তি কোথায় চাঁদাবাজি করছে, কারা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে, তা তাঁদের জানানো হবে।
আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হোক। শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হোক। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে উঠুক।