‘আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’—গোপালগঞ্জে পুলিশ প্রধান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।’
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে গাড়িতে বসে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত ভালো দেখেছি। আগামীতেও ভালো থাকবে। যারা গোপালগঞ্জকে অশান্ত করতে চায়, আপনারা তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা সংখ্যায় বেশি নয়। এই থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি নিজেরাই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?’
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের জনসংখ্যা ধরেন ১০ লাখ। অথচ একটি থানায় পুলিশ আছে মাত্র ২০ জন। তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাদের মানসিক সমর্থন না দেন, তাহলে তারা কীভাবে কাজ করবে? বাকি কথা হলো, জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’
এর আগে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার গোপালগঞ্জে পৌঁছান পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু তাঁদের আগমনের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন এবং জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সফরের সময় তাঁরা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক দিনে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর এবং দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।