হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্যালেঞ্জ আমির হামজা
চরমোনাই-হেফাজত আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের বিরোধিতার মধ্যেই নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ওয়াজ মাহফিল করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (কুষ্টিয়া-৩) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। অন্যদিকে, তার আগমন যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম-ওলামা ও বিএনপির নেতারা। এ নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে অবস্থান এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে মাহফিলে উপস্থিত হওয়ার ঘোষণা দেন আমির হামজা।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে। সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। ইনশাআল্লাহ।’
সোমবার (১৬ নভেম্বর) বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমির হামজার।
তবে তাকে ঘিরে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে, অন্যদিকে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থি আলেম-ওলামা ও বিএনপির নেতারা। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় আমির হামজার আগমন প্রতিহত করতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে যে কোনো মূল্যে মুফতি আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে। এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক। এটা আমরা হতে দিতে পারি না।’
হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন জানান, মাহফিলের অতিথি হিসেবে যাদের নাম পোস্টারে ছাপা হয়েছে, তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জহিরুল ইসলাম বলেন, ‘মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীর সাহেবকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাকে আসতে দেওয়া হবে না, আমরা প্রতিহত করব।’
স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক জানান, লক্ষণখোলা মাঠে আমির হামজার আগমনকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আয়োজকরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েই পোস্টারে তাদের নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করা হচ্ছে। শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ নিয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর যারা বিরোধিতা করছেন, তারা হয়তো কোনো রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন।