১৫ নভেম্বর ২০২৬, ২০:৫৭

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা

কাদম্বরী দেবী, শেখ হাসিনা ও রুমিন ফারহানা  © টিডিসি সম্পাদিত

শেখ হাসিনা দেশে অবস্থান না করলেও বিভিন্ন মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তাঁর নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্যে অসংগতি রয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার (১৫ নভেম্বর) সংসদে এসব তথ্য তুলে ধরেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি, কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই। ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও সর্বক্ষণ বিভিন্ন মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা হচ্ছে তার একেবারে লেটেস্ট উদাহরণ।’

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যা বলছেন, তার একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই।

রুমিন ফারহানা বলেন, ‘মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক। কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ৯ নভেম্বর আবার বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না।’ অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার অনুসরণ করছে।

তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর প্রয়োজনীয়তার কথা বলেন।