শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন এমপি মনিরুল
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হেলথ টেকনোলজি ও হেলথ টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ও চাকরির জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর ৬ আসনের সংসদ মো: মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এর সমাধান সম্ভব নয়।
এর আগে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘এত বছর পরে মন্ত্রী (শিক্ষামন্ত্রী) বললেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। সপ্তাহে অন্তত প্রধানমন্ত্রীর সঙ্গে উনার একবার দেখা হয়। এটা উনার রুটিন দায়িত্ব ছিল—যে, ‘আমারে বাঁচান।’ পরে তিনি বিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি— রক্ষা করেন আমাদেরকে। কারিগরি শিক্ষা বন্ধ হয়ে গেছে।’
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হেলথ টেকনোলজি ও হেলথ টেকনিশিয়ান বিষয়ে প্রায় ২৫ হাজার টেকনোলজিস্ট ও ২০ হাজার টেকনিশিয়ানকে প্রশিক্ষণ ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষিত এসব টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন।
মন্ত্রী বলেন, ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় হঠাৎ প্রজ্ঞাপন জারি করে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের অধীনে চাকরি পাবেন না। এরপর বিষয়টি নিয়ে মামলা হয় এবং দীর্ঘদিন ধরে তা আটকে আছে। ২০১৮ সালে মামলার পরবর্তী পর্যায়ে হাইকোর্ট থেকে ‘ওয়ান আমব্রেলা’ ধারণার আওতায় স্বাস্থ্য খাতের সবকিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে রায় আসে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের খাতেও অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার শিক্ষা বাজেটের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়কে ১৪ হাজার ২০১ কোটি টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতও রয়েছে। নার্সিং ইনস্টিটিউট ও পিজি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ২৩টি মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় ও সামঞ্জস্য নেই। ফলে টিভেট খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, ‘প্রত্যেকটি মন্ত্রণালয়ের টিভেট সেক্টর আলাদাভাবে পরিচালিত হলে মূলত এই টিভেট সেক্টরের বিকাশ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর দৃষ্টি এ ব্যাপারে আকর্ষণ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে অন্যান্য মন্ত্রণালয় যেন আলাদাভাবে টিভেট কার্যক্রম পরিচালনা না করে, বরং একটি ‘আমব্রেলা’র অধীনে অর্থাৎ টিভেট বিভাগের অধীনে প্রত্যেক মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়, সে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বিষয়টি এতটাই জটিল যে একদিন প্রশ্ন করলেও এর সমাধান হবে না। তিনি মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘এত বছর পরে মন্ত্রী (শিক্ষামন্ত্রী) বললেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। সপ্তাহে অন্তত প্রধানমন্ত্রীর সঙ্গে উনার একবার দেখা হয়। এটা উনার রুটিন দায়িত্ব ছিল—যে, ‘আমারে বাঁচান।’ এই কারিগরি শিক্ষা যেটা ম্যাডাম করেছেন, আগের সরকার বিভিন্ন কৌশল করে বন্ধ করে গেছে। এটাকে একটু সুযোগ দেন। এই মুহূর্তে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি— রক্ষা করেন আমাদেরকে। কারিগরি শিক্ষা বন্ধ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘দুই মন্ত্রণালয় বাজেটের টাকা খরচ হয়, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো অগ্রগতি নাই। ৫৩৫টি প্রতিষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে হয়েছিল। মেডিকেল টেকনোলজির সবগুলো বন্ধ আছে। অন্য কারিগরি শিক্ষাও বন্ধ করে দিয়েছে। অথচ এই কারিগরি শিক্ষা ছিল একটি আকর্ষণ।’
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই কারিগরি শিক্ষা যারা এখন স্কুল পাশ করে, তাদের একজনও বেকার নাই। অথচ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এই কারিগরি শিক্ষাকে যারা এড়িয়ে চলে, তারা জাতির শত্রু।’
এ সময় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আপনার হস্তক্ষেপ ছাড়া এটা সমাধান হবে না। আপনার দুই মন্ত্রীকে একসঙ্গে ডেকে দয়া করে তাদেরকে কোর্স দেন, আর না হলে এটা সিদ্ধান্ত আপনি দেন। আমরা কারিগরি শিক্ষার চালু চাই, শিক্ষানীতিতে কারিগরিরা প্রাধান্য চাই।’
কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে একটা কারিগরি শিক্ষানীতিভিত্তিক শিক্ষা চাই। মাদ্রাসাকে অ্যাকোমোডেট করা হয়েছে, তাদের জন্যও কারিগরি শিক্ষা দরকার। নইলে হাজারো বেকার হবে। এগুলো ইনক্লুড করে একটা নীতিনির্ধারণী কাজ আপনি শিক্ষার জন্য করে যাবেন—এটা জাতির প্রত্যাশা।’
নিজের দীর্ঘদিনের শিক্ষা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, ‘একজন শিক্ষা নিয়ে আন্দোলনকারী হিসেবে ৬২ থেকে শুরু করেছি। আজ পর্যন্ত এই জাতির শিক্ষার সমাধান পাই নাই। দুইবার নাকি স্বাধীন হলাম, একবার ৬২ করলাম, একবার ৬৬ করলাম, একবার ৬৯ করলাম, শিক্ষানীতি বদল করলাম—কিছুই পাইনি, কুশিক্ষা ছাড়া এখন কোনো কিছু নাই।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাকে সরকারি করে এখন সবকিছু লীলা চলে গেছে। আপনি এ ব্যাপারে হস্তক্ষেপ করুন। আমাদের মতো মূর্খদের কাছে ডাকলে দুই-চারটা কথা বলব। শিক্ষাকে বাঁচান, দেশকে বাঁচান।’
পরে সংসদ সদস্যের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর একটি গবেষণাপত্র রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করা ওই গবেষণায় কারিগরি শিক্ষার উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুপারিশ করা হয়েছে। গবেষণায় ২৩টি অধিদপ্তর/মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রমকে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, চলতি বাজেটে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার উন্নয়নে ইতোমধ্যে কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় স্পিকার শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে অবহিত করার অনুরোধ জানান।