পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ যোগ্যতায় ক্যাডার হয়েছে, উনি কখনও ছাত্রলীগ ছিল না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স-মাস্টার্সের শিক্ষার্থী এবং মেধাতালিকায় ১১তম হওয়া তাঁর স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। তিনি বলেন, তাঁর স্বামী ৫ আগস্ট ঢাকায় ছিলেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না। কোনো লবিংয়ের মাধ্যমে নয়, নিজের যোগ্যতায় তিনি চাকরি পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘তিনি তো ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না। ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডেও জড়িত ছিল না। উনি ৫ আগস্ট ঢাকায় ছিলেন। উনি মেধাবী। কোনো লবিংয়ে চাকরি করেননি, নিজের যোগ্যতায় চাকরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র। মেধাতালিকায় ১১তম ছিলেন। উনি কোনোদিন রাজনীতি করেননি। এই জন্যই ফাঁদে পড়েছেন।’
আওয়ামী লীগের যোগাযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘অভিযোগটা একদম মিথ্যা। আমি জানি, আমার হাসব্যান্ড নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়।’
ঘটনার বিষয়ে তিনি বলেন, তিনি হঠাৎ বিষয়টি শুনে সেখানে এসেছেন। কোনো আইন বা বিধানের আওতায় তিনি কোনো পদক্ষেপ নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না, না, কোনো কিছু করি নাই। আমি জানি না। আমি হঠাৎ শুনে আসছি, আমি দেখতে আসছি। আমি তো এখানে থাকি না।’
তিনি আরও দাবি করেন, তাঁর স্বামীর মোবাইল ৫ আগস্ট হ্যাক হয়েছিল। উনি কোনো রাজনৈতিকভাবেই জড়িত না।’
স্বামীর পারিবারিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, তাঁর বাবা আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না; বরং একজন কৃষক ছিলেন। তিনি বলেন, ‘উনার বাপ কোনো আওয়ামী লীগের নেতা না। উনার বাপ একজন কৃষক লোক ছিল। কৃষকের ছেলে, একদম গরিব পরিবারের। নিজে লেখাপড়া করে কোনো রাজনীতিতে যায়নি। লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছে। যে ছেলে ইংলিশে অনার্স-মাস্টার্স করেছে, সে শুধু পড়াশোনার দিকে তাকিয়েছে, অন্যদিকে তাকায়নি।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘উনি দুর্বৃত্ত কোথা থেকে? আপনারা মিডিয়ারা কী বানিয়েছেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসীন হলের ছাত্র।’ তাঁর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলেও তিনি জানান।
এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরিবারের আরেক সদস্য বলেন, ‘উনাকে বলা হচ্ছে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করতেন। কিন্তু উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। দ্বিতীয়ত, ৫ আগস্ট উনি ঢাকায় হেডকোয়ার্টারে ছিলেন। অথচ উনাকে বলা হচ্ছে তিনি ফেনী জেলায় ছিলেন। আপনারা তদন্ত করে দেখেন, আসলে ঘটনা কী। আমরা তো এগুলোর কিছুই জানি না।’
তাঁর ভাষ্য, ‘আপনারা উনার ফাইল হাতিয়ে দেখবেন, উনি কোনো রাজনীতির মধ্যে জড়িত ছিলেন কি না। উনার বায়োডাটা দেখবেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র। বিসিএসের মেধাতালিকায়ও ভালো অবস্থানে ছিলেন।’ মোবাইল হ্যাক হওয়ার পর তিনি পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও দাবি করেন পরিবারের ওই সদস্য। তবে ঠিক কোন তারিখে মোবাইলটি হ্যাক হয়েছিল, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি বলেন, ‘উনি জিডি করেছেন পাঁচলাইশ থানায়। যে দিন হ্যাক হয়েছে, তার পরের দিন জিডি করেছেন। তারিখটা আমার মনে নেই। জিডিতে আছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা রিমান্ড দেন, মারেন, কাটেন—কিছুই বলতে পারেন। কিন্তু এই লোক কোনো রাজনীতিতে জড়িত ছিল না। এটা মিথ্যা মামলা।’
যেসব অভিযোগ
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়।
গতকাল দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলার পর রাতেই তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য এবং পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।’
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তার বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এরপর থেকে কর্মস্থলে এসপি জাহাঙ্গীরকে নজরদারিতে রাখা হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।