জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
জাতীয় ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের প্রচার, প্রসার এবং বরেণ্য কারুশিল্পীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ প্রদানে প্রকৃত কারুশিল্পীদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সাড়ে ৬ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থার নকশা কেন্দ্রের উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর দেশের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২ জন কারুশিল্পীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশের স্বকীয় ঐতিহ্যমণ্ডিত ও মৌলিক কারুপণ্য প্রস্তুতকারী প্রকৃত শিল্পীরা এই পদকের জন্য আবেদন করতে পারবেন।
পুরস্কারের ক্যাটাগরি অনুযায়ী, ‘শ্রেষ্ঠ কারুশিল্পী’ ক্যাটাগরিতে ১টি ‘কারুরত্ন’ পদকের জন্য ১ লক্ষ টাকার চেক, প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া ‘দক্ষ কারুশিল্পী’ ক্যাটাগরিতে ৫টি ‘কারুগৌরব’ পদক, ‘ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী দক্ষ কারুশিল্পী’ ক্যাটাগরিতে ২টি ‘কারুকিরণ’ পদক, ‘দক্ষ নারী কারুশিল্পী’ ক্যাটাগরিতে ২টি ‘কারুজ্যোতি’ পদক এবং ‘তরুণ দক্ষ কারুশিল্পী’ ক্যাটাগরিতে ২টি ‘কারুপ্রতিভা’ পদক প্রদান করা হবে। এই চার ক্যাটাগরির প্রতিটিতে পদকপ্রাপ্ত প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক, প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র লাভ করবেন।
এই পুরস্কারের আওতাধীন কারুশিল্পের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—জামদানী শাড়ী, মৃৎশিল্প, বস্ত্রছাপা, টাঙ্গাইল শাড়ী, খড়, পাতা ও ছোবড়া শিল্প, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর কারুশিল্প, শঙ্খ ও ঝিনুক শিল্প, বাঁশবেত শিল্প, প্রাকৃতিক উপাদানে ভিন্ন মাত্রার কারুপণ্য, পুতুল শিল্প (কাপড় ও সংমিশ্রণ), কাঠজাত শিল্প বা দারুশিল্প, চামড়াজাত শিল্প, স্বর্ণ ও রূপার গহনা, ধাতু, অধাতু ও মিশ্র গহনা, শীতলপাটি, কাগজশিল্প, শতরঞ্জি শিল্প, তাঁত শিল্প, পাটিজাত শিল্প, নকশী কাঁথা, সূচী শিল্প এবং ধাতব শিল্প।
আগামী ২৬ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক কারুপণ্য বিসিকের যেকোনো জেলা কার্যালয় অথবা প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, ১৩৭-১৩৮, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর আবেদন প্রেরণ করতে হবে। বিস্তারিত নির্দেশনা ও আবেদন ফরম বিসিকের অফিশিয়াল ওয়েবসাইট (www.bscic.gov.bd)-এ পাওয়া যাবে। এ সংক্রান্ত প্রয়োজনে ০২-২২৩০৮৩১১২ এবং ০১৬৮২ ৭৯২ ৫৪৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।