১২ নভেম্বর ২০২৬, ১৮:২৮

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

বক্তব্য রাখছেন জ্বালানিমন্ত্রী  © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তীব্র সংকটের কারণে অনেক বেশি দামে এলএনজি কিনতে হলেও বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়ির গ্রাহকদের জন্য সরকারি পাইপলাইনের গ্যাসের দাম এখনো বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাজারে সিলিন্ডার গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি বেসরকারি খাত আমদানি করে এবং তাদের বাল্ক ক্রয়ের ওপর ভিত্তি করে তারা মূল্য নির্ধারণ করে; এতে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। আপনারা জানেন যুদ্ধ অবস্থাতে বাংলাদেশের যে প্রচুর দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আজকেও আমরা আমাদের পারচেজ (ক্রয়) কমিটিতে অনেক বেশি দাম দিয়ে গ্যাস পারচেজ করেছি। আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালিয়ে রাখার জন্য এবং গৃহে সরবরাহ করার জন্য—এসব ক্ষেত্রে আমরা কোনো গ্যাসের দাম বাড়াইনি এখনো।

তিনি আরও বলেন, আমার মনে হয় উনি (প্রশ্নকর্তা) বলতে চাচ্ছেন এলপিজির দাম। এলপিজি আমরা ইমপোর্ট করি না। এটা প্রাইভেট সেক্টর ইমপোর্ট করে, প্রাইভেট সেক্টর আনে বাল্কের কাছ থেকে, তারা প্রাইস ফিক্স করে। এখানে সরকারের কোনো ভূমিকা নাই। সুতরাং আমরা কোনো গ্যাসের দাম বাড়াইনি।