ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী
বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করেছে সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এসব মামলা প্রত্যাহার করা হয়। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক মামলাও প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে তিনি জবাব দেন।
সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের আবেদনগুলো সঠিকভাবে করা হয়েছে। ফলে তাদের সব মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতে ইসলামীর আবেদনগুলো সঠিক না হওয়ায় সেগুলো মঞ্জুর হয়নি। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে তার কথাও হয়েছে। সঠিকভাবে আবেদন করা হলে এসব মামলাও প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, ধর্ষণসংক্রান্ত মামলা ছাড়া হত্যা মামলাও যদি রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়, সেগুলো প্রত্যাহার করা হবে। এর আগে বৈঠকের শুরুতে সংসদ সদস্য কেরামত আলী তার লিখিত প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে মামলাগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, এ বিষয়ে কোনো রোডম্যাপ রয়েছে কি না।
জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে চলতি বছরের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জেলা পর্যায়ের কমিটির কার্যক্রম সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না, এসব বিষয় বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটিগুলো।
তিনি আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জবাবে আরও উল্লেখ করা হয়, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।