৪ লাখ দিয়েছেন, আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে রড দিয়ে পেটালেন স্বামী
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী রাকিবুল হাসানের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আহত স্ত্রী আলমিনা আক্তার (২৮) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রডের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্ত জমাট বেঁধেছে। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি।
অভিযুক্ত রাকিবুল হাসান সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামের দেলোয়ার হোসেন ওরফে ময়ফুল মিয়ার ছেলে। কয়েক বছর আগে তিনি ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের আলমিনা আক্তারকে বিয়ে করেন।
ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই রাকিবুল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে বিভিন্ন সময়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। মেয়ের সংসার টিকিয়ে রাখার আশায় ধারদেনা করে জামাতাকে চার লাখ টাকা দেন আলমিনার মা সেলিমা আক্তার। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি রাকিবুল। বাকি এক লাখ টাকার জন্য প্রায়ই আলমিনাকে নির্যাতন করা হতো।
সেলিমা আক্তারের অভিযোগ, গত ৫ নভেম্বর রাতে রাকিবুলের মা রত্না বেগম ও বাবা দেলোয়ার হোসেনের উসকানিতে তাঁর মেয়ের হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পেটানো হয়। এতে আলমিনার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং রক্ত জমাট বেঁধে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়ের ওপর এমন নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাকিবুল হাসান কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তাঁর বাবা দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তাঁরা আলাদা থাকেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার শরীরে জখমের চিহ্নও পাওয়া গেছে। পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাঁর স্বামী রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে।