০৯ নভেম্বর ২০২৬, ১৬:০৮

সংসদে প্রয়াত চার বিএনপি ও আওয়ামী লীগ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

সংসদে শোক প্রস্তাব  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

শোকপ্রস্তাবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক কূটনীতিক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী (আবু তাহের আব্দুল মুনতাকিম চৌধুরী)-এর মৃত্যুতে শোক জানানো হয়। তিনি পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া-বড়লেখা আসন থেকে এবং ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

শোকপ্রস্তাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। গত ১৩ অক্টোবর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এছাড়া মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবদুল হাইয়ের মৃত্যুতে শোক জানানো হয়। ৭৭ বছর বয়সী আবদুল হাই রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এ ছাড়া লেখক অধ্যাপক সাইদুর রহমান ও বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় দেশে-বিদেশে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিও শোক জানানো হয়।

শোকপ্রস্তাব গ্রহণের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।