০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩

পে স্কেলের গ্রেডভিত্তিক বেতনের অসঙ্গতি দূর হচ্ছে, বিভিন্ন ভাতার হারও নির্ধারণের উদ্যোগ

নবম জাতীয় পে-স্কেল  © সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেলের গ্রেডভিত্তিক বেতনের অসঙ্গতি দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ঝুঁকিভাতাসহ বিভিন্ন ভাতা নতুন করে চালু এবং বিদ্যমান ভাতার হার কমানো বা বাড়ানোর বিষয়েও সুপারিশ করবে সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি। এ ছাড়া ভবিষ্যতে বেতনগ্রেড উন্নীতকরণ, অবনমন ও সমন্বয়ের বিষয়ও পর্যালোচনা করবে কমিটি।

গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোহাম্মদ শামীম সোহেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘কর্মচারীদের বেতনগ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ক্ষেত্রে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, বেতন স্কেলের অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে বেতনগ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা এবং বিদ্যমান ভাতার হার হ্রাস বা বৃদ্ধির বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে। এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করেও প্রয়োজনীয় সুপারিশ করবে তারা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।