২৯ অক্টোবর ২০২৬, ২০:৩৩

দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের আহ্বান

আইডেবের গোলটেবিল বৈঠক  © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত মান উন্নয়ন, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাঁধন স্যানিটারি অ্যান্ড টাইলসের কর্ণধার কাজী সাফায়েতের উদ্যোগ ও সহযোগিতায় বুধবার সন্ধ্যায় আয়োজিত এ বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের গ্রিন লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিসিএল ইন্টেরিয়র ডিজাইনের প্রধান নির্বাহী মো. সাইফুল ইসলাম সরন। আরও উপস্থিত ছিলেন আইডেবের ভাইস প্রেসিডেন্ট ও ডিডব্লিউএল আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়রের কর্ণধার আর্কিটেক্ট সজীব জাহান, বিডি ইন্টেরিয়রের কর্ণধার এস এম রেজাউল হক, সারা ইন্টেরিয়রের কর্ণধার আর্কিটেক্ট সমন, ডিজাইন ডক্টরস স্টুডিওর সফিউল ইসলাম বাবু, ইন্টেরিয়র ডিজাইন কনসেপ্টের কর্ণধার এনামুল হক, কারিগর ইন্টেরিয়র ডিজাইনের কর্ণধার ও সিইও সুমন কুমার প্রমুখ।

বৈঠকে আইডেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন বলেন, ইন্টেরিয়র ডিজাইন শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সৃজনশীলতার পাশাপাশি পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পেশাগত নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত।

কথা বলছেন আইডেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিসিএল ইন্টেরিয়র ডিজাইনের প্রধান নির্বাহী মো. সাইফুল ইসলাম সরন

বৈঠকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টেরিয়র ডিজাইনারদের সাইট ভিজিট, পরিমাপ ও প্রাথমিক পরামর্শের জন্য যৌক্তিক ন্যূনতম ফি নির্ধারণের প্রস্তাব উঠে আসে। এছাড়াও প্রতি বর্গফুট অনুযায়ী ডিজাইন কনসালটেন্সি ফির গ্রহণযোগ্য ন্যূনতম মানদণ্ড প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়; যাতে সেবার মান বজায় রাখা, ডিজাইনারদের পেশাগত মর্যাদা রক্ষা এবং অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা কমানো সম্ভব হয়। এছাড়াও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) বা প্রয়োজনীয় ছাড়পত্রের বিষয়টি আলোচনায় আসে। এ ক্ষেত্রে কর্মীদের পেশাগত অধিকার, প্রতিষ্ঠানের স্বার্থ এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠকে বলা হয়, অযৌক্তিক মূল্য প্রতিযোগিতা, অনুমতি ছাড়া অন্যের ডিজাইন কনসেপ্ট ব্যবহার এবং অনৈতিক উপায়ে ক্লায়েন্ট সংগ্রহের মতো চর্চা প্রতিরোধে পেশাগত নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে ডিজাইনারদের সৃজনশীলতা, মেধাস্বত্ব ও পেশাগত সম্মান রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই উন্নয়নে পেশাগত শৃঙ্খলা, স্বচ্ছতা, পারস্পরিক সহযোগিতা এবং সৃজনশীলতার প্রতি সম্মান নিশ্চিত করা জরুরি। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণযোগ্য পেশাগত নির্দেশিকা গড়ে উঠবে এবং বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প আরও সুসংগঠিত, মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে।