গাইবান্ধায় জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির মাত্র ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ বৈঠক হলেও বিরোধের মীমাংসা হয়নি। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেন।
আটকরা হলেন দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মৃত লছম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৫০) ও মঞ্জু মিয়া (৪০), শাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম (২৮), নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮) ও আবিল হোসেন (১৮), আব্দুল জব্বারের ছেলে মিন্টু মিয়া (৩৫) ও মো. লিটন মিয়া (৩৫), আব্দুল জব্বারের স্ত্রী মোছা. নিরফুল (৪০), লিটন মিয়ার স্ত্রী কল্পনা বেগম (২৫), শাহাবুদ্দিনের স্ত্রী নুর ভানু (৪৫), মঞ্জু মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৩৫), রেজাউল করিমের স্ত্রী মোছা. খোরশেদা বেগম (২৬), রাশেদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯) এবং মো. নাজমুল হোসেনের স্ত্রী শাবানা খাতুন (২২)।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।