সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের করা হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার পর দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে সৌদির বাংলাদেশি দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক 'অতি জরুরি বিজ্ঞপ্তিতে' দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। তাই পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে অনুরোধ করেছে দূতাবাস। একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য দূতাবাসের হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলো হলো: শ্রমসংক্রান্ত (টোল ফ্রি) ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত (টোল ফ্রি) ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইং ৮০০১০০০১২৪ এবং মৃত্যুসংক্রান্ত হটলাইন +৯৬৬৫৭০২১২১৮০। পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।