০৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক, তালিকা দেখুন এখানে

সারাদেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার  © সংগৃহীত

আজ ৫ অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে সারাদেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে এ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের ২ লাখ করে টাকা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

আজ দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করেন।

সম্মাননাপ্রাপ্ত ১০২ শিক্ষকের তালিকা দেখুন গুণী শিক্ষকগণের তালিকা.pdf

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার—শিক্ষকদের মর্যাদা যেন শুধু ফুলের তোড়াতেই সীমাবদ্ধ না থাকে। তার বাস্তব প্রতিফলন থাকতে হবে শিক্ষকদের যথাযথ বেতন-ভাতা, পূর্ণ নিরাপত্তা এবং মানসম্মত কর্মপরিবেশের মধ্যে। বর্তমান এআই ও প্রযুক্তির যুগে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ ও তার ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে শ্রেণিকক্ষের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘এক সময় মেধাবী শিক্ষার্থীরাই, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রথম স্থান অধিকারী, শিক্ষকতা পেশায় আসতেন। আজ আমরা সেই স্লোগান থেকে কিছুটা দূরে সরে এসেছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে দেশের শ্রেষ্ঠ মেধাবী তরুণরা গর্ব করে বলবে—‘আমরাই হব আগামী দিনের শিক্ষক।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে এই দিবসে মাত্র ১২ জন শিক্ষককে পুরস্কৃত করা হতো, সেখানে প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এই সংখ্যা বাড়িয়ে ১০২ জনে উন্নীত করেছেন। সকালে গুরুত্বপূর্ণ সভা এবং বিকেলে কেবিনেট মিটিং—এমন অত্যন্ত ব্যস্ত সূচির মাঝেও স্বল্প সময় বের করে তিনি প্রতিটি শিক্ষককে নিজ হাতে মেডেল পরিয়ে, টাকার চেক ও সনদপত্র দিয়ে সম্মানিত করার এই সুন্দর আয়োজন করেছেন।’