২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০

প্রতি কিলোমিটার ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

বাসভাড়া বাড়ছে  © সংগৃহীত

কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। সে হিসেবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে রবিবার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বৈঠকে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু’একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এদিকে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর কয়েকটি বাসে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া খুলনাগামী একাধিক বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান এস এম আহাম্মেদ খোকন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমার জানামতে এখনও লং রুটে এখনো পর্যন্ত খুব একটা কেউ ভাড়া বাড়ায়নি এবং সিটি সার্ভিসেও তাই।’

তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে কেউ যদি বাড়ায় থাকে, তাহলে তাদের দায়িত্ব তাদের। সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভাড়া বাড়বে না।’