কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পীর বিরুদ্ধে। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক হিসেবে পরিচিত। প্রকাশ্যে অস্ত্র হাতে তার এমন অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে জোবায়ের হোসেন বাপ্পীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা থানার ফটকে অবস্থান নিয়ে স্লোগান দেন। তারা ঘটনার বিচার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী থানার ফটকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে নিজের বাসা থেকে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে বের হন জোবায়ের হোসেন বাপ্পী। পরে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তিনি থানার ফটকে অবস্থান করেন। অস্ত্র হাতে তার মহড়ার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী শহরে আতঙ্ক তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার কিছু সময় পর জাকারিয়া পিন্টুর সমর্থকেরা থানার ফটকে অবস্থান নেন। তারা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের প্রতিবাদ জানান। একই সঙ্গে জোবায়ের হোসেন বাপ্পী ও হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ঘটনার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। থানার ফটকে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিস।
তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আসছেন জোবায়ের হোসেন বাপ্পী। তাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মেহেদী হাসান ও আনোয়ার হোসেন জনিসসহ থানার ফটকে অবস্থান নেওয়া ব্যক্তিরা বলেন, ‘আজকে সে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে পুরো শহরে আতঙ্ক তৈরি করেছে। আমরা মনে করছি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের প্রাণনাশের উদ্দেশ্যেই তার এই অস্ত্রের মহড়া। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে অস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগে জোবায়ের হোসেন বাপ্পী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে থানার ভেতরে রাখা হয়েছে বলে জানা গেছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘এ ঘটনায় অস্ত্র প্রদর্শন করা জোবায়ের হোসেন বাপ্পী ইতিমধ্যে পুলিশি হেফাজতে রয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী থানার সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।