থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ৫ ভাষার নাম বললেন প্রধানমন্ত্রী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ হিসেবে ৫টি ভাষার নাম উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে চাকরিতে সার্টিফিকেটের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে নতুন এসব ভাষার কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো ‘এডুকেশন ফার্স্ট’ নীতিকে সামনে রেখে বাংলাদেশেও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা খাতে বিনিয়োগ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে অসংখ্য তরুণ-তরুণী সনদ অর্জনের পরও বছরের পর বছর চাকরির জন্য ঘুরছেন, কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। তাই কেবল সনদনির্ভর শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করতে চান, যেখানে একজন শিক্ষার্থী শুধু সনদের ওপর নির্ভরশীল থাকবে না; বরং দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হবে।
এ পরিকল্পনার অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি ও কারিগরি শিক্ষার পাশাপাশি একটি তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে চীন সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, চীনের অর্থনীতির প্রসার ও জীবনমান উন্নত হওয়ায় দেশটি ক্রমবর্ধমান হারে বিদেশি কর্মী নিয়োগ করছে। সেই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মান্দারিন ভাষা শিক্ষা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যা চীন ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ ছাড়া তৃতীয় ভাষা হিসেবে মান্দারিনের পাশাপাশি জাপানি, ফরাসি, জার্মান ও আরবি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান তিনি।