১২ জুন ২০২৬, ২২:০৬

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন   © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজের পর বারোবাজার বাসস্ট্যান্ডে এলাকার সাধারণ জনগন এ কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যাই, সেখানে আমার কাছে টাকা চায়। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চাই না। তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের এ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে ফোন করেছিলাম। তিনি আমাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে আইনমন্ত্রী আসাদুজ্জামান আমাকে আশ্বস্থ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে  বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন। 

আরও পড়ুন: ক্যাম্পাসের ভবনে অনুমতি ছাড়া বসবাস, ‘অসামাজিক ও অনৈতিক’ কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ

বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াত নেতা এম আরশেদ আলি পাতা ও শফিকুল ইসলাম শিমুল। এ সময় এলাকার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ২৫ ফেব্রয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তা বন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও মামলার প্রধান আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়ায় এই মানববন্ধন আয়োজন করেন এলাকাবাসী।