০৩ জুন ২০২৬, ১৪:২৩

পানি আনতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

শ্রীবাস চন্দ্র বিশ্বাস  © সংগৃহীত

ফরিদপুরে পানি আনার কথা বলে বাসা থেকে বের হয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন শ্রীবাস চন্দ্র বিশ্বাস (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী। গত ৩০ মে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় সোমবার (১ জুন) পরিবারের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শ্রীবাস শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামী ৭ জুন তার ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের শ্রীধরপুর বটতলা এলাকার মৃত প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে। তবে তিনি ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় তার চাচাদের সঙ্গে বসবাস করতেন।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরের দিকে পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনার কথা বলে একটি বোতল হাতে বাসা থেকে বের হন শ্রীবাস। দীর্ঘক্ষণ পার হলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, শ্রীবাস তাদের কাছে পানির বোতলটি রেখে শহরের ডিআইবি বটতলা এলাকায় যাওয়ার কথা বলে চলে যান। এর পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর চাচা এবং তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক বিকাশ কুমার বিশ্বাস জানান, শ্রীবাসের বাবা মারা গেছেন এবং মা ভারতে থাকেন। সে ভাই-বোনের মধ্যে একমাত্র সন্তান। নিখোঁজ হওয়ার সময় সে সঙ্গে কোনো মোবাইল ফোন নেয়নি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, পরিবারের সাধারণ ডায়েরির অভিযোগটি পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ চলছে।