১১ মে ২০২৬, ১৩:৫২

দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন  © সংগৃহীত

দেশে বর্তমানে পরিচালিত ১১৬টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এর মধ্যে বর্তমানে থাকা ৫৭টি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা প্রদানে ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডর’ ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় এবং শিক্ষামেলার এই আয়োজন একটি ইতিবাচক উদ্যোগ। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নিতে অনুপ্রাণিত করে বলেন, ‘পাকিস্তানে বেশ কিছু উন্নত মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের শিক্ষার্থীরা সেখানে পরীক্ষার মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বাংলাদেশের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা থাকবে এবং সেখানে বিনামূল্যে পড়ার সুযোগও রয়েছে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে আগামী ১০ দিনব্যাপী এই ‘পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের শিক্ষা, জ্ঞান এবং সংস্কৃতি বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ প্রদানে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এই মেলার মাধ্যমে দুই দেশের শিক্ষা খাতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।