০১ মে ২০২৬, ১৩:০২

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু   © টিডিসি ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন শিশু।

মারা যাওয়া শিশুদের একজন জামালপুরের ইসলামপুর উপজেলার জীবন মিয়ার ৫ মাস বয়সী ছেলে জিসান। বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার চার ঘণ্টার মধ্যে সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

অপরদিকে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লাল চানের ১০ মাস বয়সী ছেলে মারুফ গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের লক্ষণের পাশাপাশি সেও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৪ শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১১ শিশু এবং মৃত্যু হয়েছে ২২ জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ে। একই সময়ে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে ২৪ শিশু নতুন করে ভর্তি হয়েছে।