হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আটকে পড়া বাংলাদেশি জাহাজ
মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করেছে। আজ ভোরে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির পর জাহাজটি গন্তব্যের পথে অগ্রসর হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হরমুজ থেকে ‘বাংলার জয়যাত্রা’র দূরত্ব প্রায় ৪২৫ নটিক্যাল মাইল এবং প্রণালি অতিক্রম করতে আরও প্রায় ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, আজ দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়ে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। এ সময় জাহাজটির গতিবেগ ছিল ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ছিল ১০ দশমিক ৮০ মিটার। প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে জাহাজটি। প্রণালি পাড়ি দেওয়ার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর।
বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরবর্তীতে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে পরদিনই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়।
১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েত থেকে নতুন কার্গো নেয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা বিবেচনায় সেটি বাতিল করে বিএসসি। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হলে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করেও নিরাপত্তা সতর্কতার কারণে আবার আগের অবস্থানে ফিরে যেতে হয়। সর্বশেষ যুদ্ধবিরতির প্রেক্ষাপটে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় যাত্রা শুরু করেছে ‘বাংলার জয়যাত্রা’।