০৭ এপ্রিল ২০২৬, ২০:২৮

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 

জামাল উদ্দিন  © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দপ্তরের দায়িত্ব) এড. রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জামাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের জামাল উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল পূনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বাধা ও সরকারী কাজে বিশৃঙ্খলা করার অভিযোগে জামাল উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।