২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুতে মুখ খুললেন অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী  © সংগৃহীত

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গেই তার এই মন্তব্য।

অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার, কর্মসূচি ও নীতিগত চিন্তা বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবেচনার তো কিছু নেই। নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের নিজস্ব প্রায়োরিটি আছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ), পেশায় ব্যবসায়ী। তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি আইসিএমএবি থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এফসিএমএ লাভ করেন।