০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭

বাদ পড়লেন ৪৪তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম

শামীম শাহরিয়ার  © সংগৃহীত

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।

এর আগে, গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে গতকালের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এই বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন; যে তালিকায় শামীম শাহরিয়ারও রয়েছেন।

এর আগে, গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গেজেটে নাম নেই শামীমের। মেধাক্রম শুরু হয়েছে দ্বিতীয়জনকে দিয়ে

পড়ুন: ৪তম বিসিএস থেকে বাদ পড়লেন যে ৬ এডমিন ক্যাডার

চূড়ান্ত ফল প্রকাশের সময় শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেখান থেকে এসএসসি পাস করেন তিনি। পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

তবে বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক কোনো কারণ নাকি অন্য কোনো প্রশাসনিক বা প্রক্রিয়াগত কারণে তিনি বাদ পড়েছেন—সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।