২৫ মে ২০২৫, ২৩:৩০

যে ৪ অপরাধে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ সরকার  © সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলা নিশ্চিত করতে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি করেছে সরকার। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, চারটি নির্দিষ্ট অপরাধের জন্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। অপরাধগুলো হলো—১. কর্তৃপক্ষের প্রতি অননুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ, ২. কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্ব পালনে গাফিলতি, ৩. অন্যদের উসকানি দেওয়া বা কর্তব্য থেকে বিরত রাখার চেষ্টা, ৪. অন্যদের দায়িত্ব পালনে বাধা প্রদান।

এই অপরাধগুলোর জন্য কর্মচারীদের নিম্নপদে অবনমিত করা, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করা যেতে পারে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নতুন অধ্যাদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে তারা সচিবালয়ের ভেতরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীদের দাবি, এই অধ্যাদেশ সরকারি কর্মচারীদের অধিকারে হস্তক্ষেপ ও দমনমূলক। তারা এর প্রণয়ন প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

অধ্যাদেশটি জারির সময় কর্মচারীদের আন্দোলন চলমান থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।