০৮ আগস্ট ২০২৬, ০১:২৭

সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান

ব্যান্ডশিল্পী হাসান আর্ক  © সংগৃহীত

কনসার্টে গাওয়ার সময় মঞ্চে দর্শকের ছুড়ে মারা বোতলের আঘাত ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী হাসান (আর্ক)। শুক্রবার ৭ (আগস্ট) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি ঘটনার আকস্মিকতায় বিস্ময় প্রকাশ করলেও দায়ী ব্যক্তির প্রতি কোনো ক্ষোভ না রেখে উদারতা প্রদর্শন করেছেন এবং শিল্পীদের সার্বিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন।

ঘটনাটিকে দীর্ঘ সংগীতজীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতা উল্লেখ করে ফেসবুকে হাসান লেখেন, ‘বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

দেশের সকল শিল্পীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদার পক্ষে আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তাঁরা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের দলীয় পরিচয়ে মূল্যায়ন করার মানসিকতার সমালোচনা করে এই জনপ্রিয় কণ্ঠশিল্পী বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাঁকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’