০৪ জুলাই ২০২৬, ১১:৫৯

গোপনেই বিয়ে সেরেছেন পপ সুপারস্টার টেইলর সুইফট 

টেইলর সুইফট এবং ট্রাভিস কেলসি  © সংগৃহীত

বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বড় ধরনের এক উৎসবের প্রস্তুতির মধ্যেই এই দুই তারকার বিয়ের খবরটি প্রকাশ্যে এসেছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় তাঁদের বিয়ে হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে, সম্প্রতি টেইলর সুইফটের ব্যক্তিগত বিমান কিছু সময়ের জন্য ন্যাশভিলে অবস্থান করেছিল। ক্যারিয়ারের শুরুর দিকে এই শহরেই বাস করতেন টেইলর।

তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি। টেইলর সুইফটের মুখপাত্রের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, গত সপ্তাহে এই তারকা জুটি নিউইয়র্ক ও অন্যান্য শহরের বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই উৎসব ঘিরে ব্যাপক নিরাপত্তা ও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ১০০ জন অতিথির উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠান এবং শুক্রবার ১ হাজার মানুষের উপস্থিতিতে একটি বিশাল উদযাপনের কথা রয়েছে। ভেন্যুর চারপাশে পুলিশি ব্যারিকেড দিয়ে রাস্তা ও ফুটপাত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ব্র্যাডলি কুপার, লেনা ডানহাম, এরিন অ্যান্ড্রুজ এবং মিউজিক প্রডিউসার জ্যাক আন্তোনফের মতো তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে কঠোর গোপনীয়তার শর্ত দেওয়া হয়েছে। রয়টার্সের এক সাংবাদিকের ধারণ করা ছবিতে দেখা যায়, ভেন্যুর প্রবেশপথে টাঙানো একটি নোটিশে বলা হয়েছে—যারা এই অনুষ্ঠানে প্রবেশ করবেন, তারা আয়োজক বা অতিথিদের বিষয়ে কোনো তথ্য বাইরে প্রকাশ করতে পারবেন না।

পুরো আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে বিপুল পরিমাণ গাছগাছালি ও বাহারি সজ্জায় সাজানো হয়েছে। খাবার হিসেবে রাখা হয়েছে বিলাসবহুল সব পদ, যার মধ্যে লবস্টার বা গলদা চিংড়ির বড় বড় কার্টন দেখা গেছে। মঙ্গলবার পর্যন্ত ভেন্যুর নিয়মিত সব ইভেন্ট বাতিল রাখা হয়েছে, যা বিরল ঘটনা।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির আমেজের মধ্যেই এই রাজকীয় বিয়ের খবর নিউইয়র্ক জুড়ে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। তবে প্রচণ্ড গরমে শহরে ‘হিট ইমারজেন্সি’ চলায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি রসিকতা করে বলেন, ‘কেউ যদি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করেন, তবে ভেতরে এসিরুমে থাকাই হবে শহরবাসীর জন্য ভালো উদাহরণ।’

ভক্তদের কাছে ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে পরিচিত এই জুটির বাগদান হয়েছিল গত আগস্টে। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। এই বিয়ের অনুষ্ঠানে সেলিনা গোমেজ, এড শিরান, এমা স্টোন ও জিজি হাদিদসহ বড় বড় তারকাদের মেলা বসবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে আইরিশ উপস্থাপক গ্রাহাম নর্টনকেও জেএফকে বিমানবন্দরে দেখা গেছে।

সুইফট ভক্তদের কাছে এই আয়োজন কোনো বিরক্তির কারণ নয়। উটাহ থেকে আসা এক ভক্ত তারা রোসালেস বলেন, ‘টেইলর যা খুশি করতে পারেন, তার জন্য কোনো কিছুই সমস্যা নয়। আমরা কেবল রোমাঞ্চিত।’