বিশ্ববিদ্যালয় জীবনে স্মার্ট স্টাডি: বেশি পড়া নয়, বুঝে শেখার কৌশল
রাত তখন প্রায় তিনটা। বিশ্ববিদ্যালয়ের হলের একটি কক্ষে এখনো জ্বলছে টেবিল ল্যাম্প। টেবিলজুড়ে স্যারের দেওয়া একগাদা সিট, পাশে নিজের তৈরি নোট আর হাতে হাইলাইটার নিয়ে বসে আছে এক শিক্ষার্থী। চোখে ক্লান্তি, মাথায় পরীক্ষার দুশ্চিন্তা, আর মনে একটাই লক্ষ্য—যেভাবেই হোক সিলেবাস শেষ করতে হবে। পরদিন সকালেই পরীক্ষা। তাই একের পর এক পৃষ্ঠা মুখস্থ করে চলেছে সে। কখনো গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কখনো বড় প্রশ্নের উত্তর, আবার কখনো স্যারের দেওয়া সিটের প্রতিটি লাইন মনে রাখার চেষ্টা। অথচ কয়েক ঘণ্টা পর পরীক্ষার হলে গিয়ে পরিচিত একটি প্রশ্নের উত্তরও মনে করতে পারল না। অন্যদিকে, তারই এক সহপাঠী তুলনামূলক কম সময় পড়েও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর লিখে যাচ্ছে। দুজনের সিলেবাস একই, পরীক্ষাও একই; তবু ফলাফলে এমন পার্থক্য কেন? কারণ একজন শুধু তথ্য মুখস্থ করেছে, অন্যজন বিষয়গুলো বুঝে শেখার চেষ্টা করেছে।
বিশ্ববিদ্যালয়জীবনে এমন দৃশ্য খুব একটা অপরিচিত নয়। পরীক্ষার আগের রাতে নির্ঘুম সময় কাটানো, স্যারের দেওয়া সিটের পর সিট মুখস্থ করা কিংবা বেশি সময় পড়ার মধ্যেই সাফল্য খোঁজার চেষ্টা অনেক শিক্ষার্থীরই পরিচিত অভিজ্ঞতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, ঘণ্টার পর ঘণ্টা সিটের সামনে বসে থাকাই কি প্রকৃত শেখার নিশ্চয়তা? নাকি পড়াশোনার পদ্ধতিতে সামান্য পরিবর্তনই এনে দিতে পারে বড় ধরনের ইতিবাচক ফলাফল?
বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের সামনে একাধিক চ্যালেঞ্জ থাকে। নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, পরীক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রম সামলে পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে ভালো সিজিপিএ অর্জনের চাপও থাকে। ফলে অনেকেই পড়াশোনাকে শেখার পরিবর্তে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মাধ্যম হিসেবে বিবেচনা করেন। আর এখান থেকেই তৈরি হয় মুখস্থনির্ভরতার প্রবণতা।
মুখস্থ করা সব ক্ষেত্রে খারাপ নয়। কিছু সংজ্ঞা, সূত্র, পরিভাষা ও নির্দিষ্ট তথ্য মনে রাখার জন্য এটি প্রয়োজনীয়। তবে কোনো বিষয়ের মূল ধারণা না বুঝে শুধু স্যারের দেওয়া সিটের বাক্য বা অনুচ্ছেদ মুখস্থ করলে সেই জ্ঞান দীর্ঘস্থায়ী হয় না। প্রশ্নের ধরন সামান্য পরিবর্তিত হলেই অনেক শিক্ষার্থী সমস্যায় পড়েন। কারণ তাঁরা তথ্য মনে রেখেছেন, কিন্তু বিষয়টির ব্যাখ্যা ও প্রয়োগ বুঝে ওঠেননি।
অন্যদিকে, বুঝে পড়ার মাধ্যমে শিক্ষার্থীর বিশ্লেষণক্ষমতা ও চিন্তাশক্তি বিকশিত হয়। একটি বিষয়ের কারণ, প্রক্রিয়া ও ফলাফল বুঝতে পারলে নতুন পরিস্থিতিতেও সেই জ্ঞান কাজে লাগানো সম্ভব হয়।
স্মার্ট স্টাডি: কম সময়ে কার্যকরভাবে শেখার কৌশল
স্মার্ট স্টাডি বলতে কম পড়াশোনা করাকে বোঝায় না; বরং পরিকল্পিতভাবে সময় ব্যবহার করে কার্যকর উপায়ে শেখাকে বোঝায়। এর জন্য কয়েকটি অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
প্রথমত, কোনো অধ্যায় পড়ার শুরুতেই তার মূল ধারণা বোঝার চেষ্টা করতে হবে। স্যারের দেওয়া সিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে প্রতিটি অংশের অর্থ ও পারস্পরিক সম্পর্ক বুঝতে হবে। প্রয়োজনে চিত্র, উদাহরণ কিংবা শিক্ষামূলক ভিডিওর সাহায্য নেওয়া যেতে পারে।
দ্বিতীয়ত, নিজের ভাষায় বিষয়টি ব্যাখ্যা করার অভ্যাস করতে হবে। সিটের কোনো বিষয় পড়ার পর সেটি বন্ধ করে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করুন। এই পদ্ধতি Feynman Technique নামে পরিচিত। সহজ ভাষায় ব্যাখ্যা করতে না পারলে বুঝতে হবে, বিষয়টি আরও ভালোভাবে শেখার প্রয়োজন রয়েছে।
তৃতীয়ত, Active Recall বা সক্রিয় স্মরণপদ্ধতি অনুসরণ করা যেতে পারে। কোনো বিষয় পড়ার পর সিট বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন—কী পড়লাম, কেন পড়লাম এবং বিষয়টি কীভাবে কাজ করে? সিট না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করলে স্মৃতি থেকে তথ্য মনে করার দক্ষতা বাড়ে।
চতুর্থত, Spaced Repetition বা বিরতিসহ পুনরাবৃত্তির অভ্যাস গড়ে তুলুন। আজ পড়া বিষয়টি পরদিন, কয়েক দিন পর এবং পরবর্তী সপ্তাহে আবার পর্যালোচনা করুন। পরীক্ষার আগের রাতে সবকিছু মুখস্থ করার পরিবর্তে নিয়মিত বিরতিতে পড়া বিষয়গুলো পুনরাবৃত্তি করা বেশি কার্যকর।
পঞ্চমত, Mind Mapping বা ধারণাচিত্র তৈরি করতে পারেন। একটি মূল বিষয়ের সঙ্গে সম্পর্কিত উপবিষয়গুলো চিত্রের মাধ্যমে সাজালে পুরো অধ্যায়ের কাঠামো সহজে বোঝা যায়। পাশাপাশি ২৫ থেকে ৫০ মিনিট মনোযোগ দিয়ে পড়ে ছোট বিরতি নেওয়ার অভ্যাসও গড়ে তোলা যেতে পারে। এটি Pomodoro Technique-এর একটি প্রচলিত রূপ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কেন জরুরি?
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুধু তথ্য মনে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; এখানে বিশ্লেষণ, যুক্তি, সমস্যা সমাধান এবং বাস্তব প্রয়োগের দক্ষতা প্রয়োজন। উদাহরণ হিসেবে ফার্মেসির একজন শিক্ষার্থীর কথা বলা যায়। কোনো ওষুধের নাম, ব্যবহার কিংবা পার্শ্বপ্রতিক্রিয়া মুখস্থ করা সম্ভব। কিন্তু ওষুধটি কীভাবে কাজ করে, কোন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় এবং শরীরে কী ধরনের পরিবর্তন ঘটায়—এসব না বুঝলে অর্জিত জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়।
একইভাবে, প্রতিটি বিভাগের শিক্ষার্থীরই উচিত স্যারের দেওয়া সিটের বিষয়বস্তুর সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক খুঁজে বের করা। এতে শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়।
পড়াশোনার পাশাপাশি কিছু অভ্যাস পরিবর্তন করাও জরুরি। পড়তে বসে বারবার মোবাইল ফোন দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় করা এবং পরীক্ষার আগে অতিরিক্ত রাত জাগার প্রবণতা কমাতে হবে। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং পরিকল্পিত পড়াশোনা মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। একই সঙ্গে অন্যের পড়ার পদ্ধতি অনুসরণ না করে নিজের সুবিধা অনুযায়ী রুটিন তৈরি করা উচিত।
সাফল্যের মাপকাঠি শুধু সিজিপিএ নয়
ভালো সিজিপিএ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা, বৃত্তি কিংবা কর্মজীবনে এটি সুযোগ তৈরিতে ভূমিকা রাখে। তবে শুধু ফলাফলই একজন শিক্ষার্থীর প্রকৃত জ্ঞানের পরিচয় নয়। কোনো বিষয় কতটা ভালোভাবে ব্যাখ্যা করা যায়, নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান কতটা প্রয়োগ করা যায় এবং যুক্তি দিয়ে সমস্যা সমাধান করা যায়—এসবও সমান গুরুত্বপূর্ণ।
তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রতিটি বিষয় শেখার সময় নিজেকে প্রশ্ন করতে হবে—আমি কী শিখছি, কেন শিখছি এবং এই জ্ঞান ভবিষ্যতে কোথায় কাজে লাগাতে পারব?
মনে রাখতে হবে, স্মার্ট স্টাডি কোনো রাতারাতি সাফল্যের সূত্র নয়; এটি একটি ধারাবাহিক অভ্যাস। নিয়মিত অনুশীলন, বিষয় বুঝে পড়া, নিজের ভাষায় ব্যাখ্যা করা এবং বিরতিসহ পুনরাবৃত্তির মাধ্যমে শেখার দক্ষতা বাড়ানো সম্ভব।
পরিশেষে, বিশ্ববিদ্যালয়জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের সময় নয়; এটি নিজেকে জ্ঞান, দক্ষতা ও চিন্তায় সমৃদ্ধ করার গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই স্যারের দেওয়া সিটের পৃষ্ঠা শেষ করার প্রতিযোগিতায় না নেমে প্রতিটি বিষয়ের গভীরে প্রবেশ করতে হবে। কারণ মুখস্থ করে সাময়িক সাফল্য পাওয়া গেলেও বাস্তব জীবনে এগিয়ে যেতে প্রয়োজন অর্জিত জ্ঞানের সঠিক প্রয়োগ।
বেশি সময় পড়ার চেয়ে কতটা বুঝে শিখলাম, সেটিই হোক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মুখস্থের সীমাবদ্ধতা পেরিয়ে স্মার্ট স্টাডির অভ্যাস গড়ে তুলতে পারলেই বিশ্ববিদ্যালয়জীবনের শিক্ষা হয়ে উঠবে আরও অর্থবহ, কার্যকর ও ভবিষ্যৎমুখী।
লেখক: জয় পাল অর্ঘ
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।