১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫১

ন্যায়বিচারের স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ এখন সময়ের দাবি

মুহম্মদ সজীব প্রধান  © টিডিসি সম্পাদিত

একজন আইনজীবী আদালতে দাঁড়িয়েছেন। তার মক্কেল সমাজের চোখে একজন বিতর্কিত মানুষ। হয়তো তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আদালতের বাইরে উত্তেজিত জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড়। আইনজীবী সবই জানেন। তবু তিনি আদালতে দাঁড়াবেন। যুক্তি উপস্থাপন করবেন। আইনের আশ্রয় চাইবেন। কারণ, তিনি জানেন, একজন অভিযুক্ত ব্যক্তি অপরাধী কি না, তা নির্ধারণের দায়িত্ব তার নয়। সেটি বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। তাঁর দায়িত্ব হলো, অভিযুক্ত ব্যক্তি যেন আইনের নির্ধারিত প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, তা নিশ্চিত করা। আইন পেশার সৌন্দর্য এখানেই।

ব্যক্তির পরিচয়, সামাজিক অবস্থান কিংবা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আইনের পক্ষে দাঁড়ানোই একজন আইনজীবীর পেশাগত অঙ্গীকার। কিন্তু যে সমাজে একজন আইনজীবী তাঁর মক্কেলের পক্ষে দাঁড়ানোর কারণে নিজেই হুমকি, অপমান কিংবা শারীরিক আক্রমণের শিকার হন, সেখানে সমস্যাটি আর কেবল একজন পেশাজীবীর নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রশ্নবিদ্ধ হয় ন্যায়বিচারের মৌলিক দর্শনও। 

বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 'আইনজীবী সুরক্ষা আইন' প্রণয়নের দাবি নিছক পেশাগত স্বার্থের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিচারব্যবস্থার সুস্থতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্ন। এখানে মনে রাখা প্রয়োজন, ন্যায়বিচারের অধিকার কেবল নির্দোষ ব্যক্তির জন্য নয়, বরং প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির জন্যই সমানভাবে প্রযোজ্য। অভিযোগ যত গুরুতরই হোক, আইনি প্রক্রিয়া অনুসরণের অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না। আর সেই অধিকার নিশ্চিত করার প্রধান মাধ্যম হলেন আইনজীবী।

আইনজীবী বিচারব্যবস্থার কোনো প্রান্তিক অংশীদার নন। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী—এই তিন পক্ষের পারস্পরিক ভূমিকার মধ্য দিয়েই বিচারিক কার্যক্রম পূর্ণতা পায়। একজন বিচারক নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করবেন, আইনজীবী স্বাধীনভাবে যুক্তি উপস্থাপন করবেন এবং বিচারপ্রার্থী ন্যায়বিচার লাভ করবেন। এটাই একটি কার্যকর বিচারব্যবস্থার মৌলিক কাঠামো। এখানে আইনজীবীর স্বাধীনতা ক্ষুণ্ন হলে বিচারিক প্রক্রিয়ার ভারসাম্যও নষ্ট হয়। বাংলাদেশের বার কাউন্সিল প্রণীত Canons of Professional Conduct and Etiquette-এর দ্বিতীয় অধ্যায় এর ৯ নম্বর বিধি অনুযায়ী, একজন আইনজীবী তাঁর ব্যক্তিগত অভিমতের ঊর্ধ্বে গিয়ে যেকোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন। তা নাহলে শুধু সন্দেহের কারণে অনেক নির্দোষ ব্যক্তিও আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। 

দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় এই পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি, প্রতিপক্ষের মামলা পরিচালনা করায় লাঞ্ছনা কিংবা চেম্বারে নিরাপত্তাহীনতার ঘটনা আমাদের বিচারাঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোতে আইনজীবীর নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এসব মামলায় আদালতের বাইরের জনমত ও রাজনৈতিক চাপ অনেক সময় বিচারিক পরিবেশকেও প্রভাবিত করার চেষ্টা করে। একটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, শুধু মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করলেই তাঁর রাজনৈতিক, সামাজিক কিংবা আদর্শিক অবস্থানের দায় আইনজীবীর ওপর বর্তায় না।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও আইনজীবীর নিরাপত্তাকে ন্যায়বিচারের অপরিহার্য শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। ১৯৯০ সালে জাতিসংঘের অষ্টম কংগ্রেসে গৃহীত Basic Principles on the Role of Lawyers-এর ১৬ থেকে ১৮ নম্বর নীতিতে বলা হয়েছে, আইনজীবীরা যেন ভয়ভীতি, হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছাড়াই তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। দায়িত্ব পালনের কারণে তাঁদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রকে যথাযথ সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে কোনো আইনজীবীকে তাঁর মক্কেলের পরিচয় কিংবা কর্মকাণ্ডের সঙ্গে এক করে দেখার বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের কারণে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোতেও বিশেষ আইন প্রণীত হয়েছে। 

পাকিস্তানে The Lawyers Welfare and Protection Act, 2023, ভারতের কর্ণাটকে The Karnataka Prohibition of Violence Against Advocates Act, 2023 এবং তেলেঙ্গানায় The Telangana Advocates Protection Act, 2026 কার্যকর রয়েছে। অন্যদিকে, ভারতের রাজস্থানে The Rajasthan Advocates Protection Bill, 2023 বিধানসভায় পাস হলেও এখনো রাষ্ট্রপতির সম্মতি না পাওয়ায় কার্যকর আইনে পরিণত হয়নি। প্রতিবেশী দেশগুলোর এসব উদ্যোগ আইনজীবীদের নিরাপত্তার প্রয়োজনীয়তাকেই তুলে ধরে। বাংলাদেশেও তাই একটি স্বতন্ত্র আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। 

আইনজীবীর নিরাপত্তাকে কেবল সাধারণ ফৌজদারি আইনের ওপর ছেড়ে না দিয়ে, পেশাগত দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। সাধারণ আইনি সুরক্ষা একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ ঝুঁকিগুলো মোকাবিলায় যথেষ্ট নয়। বাস্তবতা বলছে, এ ক্ষেত্রে একটি সুসংহত ও স্বতন্ত্র আইনি কাঠামোর প্রয়োজনীয়তা অপরিহার্য।

আমার বিবেচনায়, প্রস্তাবিত আইনটিতে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। প্রথমত, প্রস্তাবিত আইনটি শুধু আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো আইনজীবী হুমকি, হয়রানি, অপহরণ, হামলা কিংবা প্রতিশোধমূলক আচরণের শিকার হলে সেটিও আইনের আওতায় আসতে হবে। এমনকি তার চেম্বার, নথিপত্র বা পেশাগত কাজে ব্যবহৃত সম্পত্তি ক্ষতিসাধনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

দ্বিতীয়ত, আইনটিতে আইনজীবীর পেশাগত স্বাধীনতার সুস্পষ্ট নিশ্চয়তা থাকা জরুরি। তিনি কোন আসামির পক্ষে দাঁড়াচ্ছেন, কোন মামলা পরিচালনা করছেন কিংবা আদালতে কী বক্তব্য দিচ্ছেন, এসব কারণে তাঁকে ভয়ভীতি বা হয়রানির শিকার করা যাবে না। একই সঙ্গে আইনজীবী ও মক্কেলের মধ্যকার গোপনীয়তা এবং স্বাধীনভাবে পরামর্শ করার অধিকারও সুরক্ষিত রাখতে হবে। 

তৃতীয়ত, প্রতিটি অপরাধকেই পেশাগত প্রতিশোধ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এ ক্ষেত্রে একটি সুস্পষ্ট professional nexus বা পেশাগত সংশ্লিষ্টতার মানদণ্ড থাকা প্রয়োজন। অর্থাৎ অপরাধটির সঙ্গে আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনের সম্পর্ক আছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী শাস্তির বিধানও হতে হবে আনুপাতিক।

চতুর্থত, আইনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত ঝুঁকি প্রতিরোধ। কোনো আইনজীবী পেশাগত কারণে বিশ্বাসযোগ্য নিরাপত্তাঝুঁকিতে পড়লে রাষ্ট্রের দায়িত্ব হবে দ্রুত ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নেওয়া। এই সুরক্ষা শুধু আইনজীবীর ব্যক্তিগত নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে না। হুমকির সঙ্গে পেশাগত দায়িত্বের সম্পর্ক থাকলে তাঁর স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা এবং নির্ভরশীল পরিবারের সদস্যরাও সুরক্ষার আওতায় আসবেন। তবে তা হবে ঝুঁকির বাস্তবতা বিবেচনায়, স্বয়ংক্রিয়ভাবে নয়।

সর্বশেষ, অপরাধের তদন্তেও বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত মামলা গ্রহণ, দক্ষ তদন্ত এবং ঊর্ধ্বতন পর্যায়ে তদারকির ব্যবস্থা থাকা প্রয়োজন। তদন্ত যেন প্রভাবমুক্ত হয়, সেটিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি হামলায় আহত আইনজীবীর চিকিৎসা, চেম্বার বা পেশাগত সম্পত্তির ক্ষতি এবং উপার্জনক্ষমতা হারানোর বিষয়েও ক্ষতিপূরণের বিধান থাকা দরকার। প্রতিশোধের শিকার হয়ে পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সর্বোপরি, বাংলাদেশ বার কাউন্সিল, স্থানীয় বার সমিতি, আইন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। 

তবে এই সমন্বয়ের নামে বিচার বিভাগের স্বাধীনতা কিংবা বার কাউন্সিলের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করা যাবে না। একই সঙ্গে প্রস্তাবিত আইনটি যেন কোনো আইনজীবীকে সাধারণ আইনের ঊর্ধ্বে স্থান দেওয়ার সুযোগ তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। আইনটির অপব্যবহার রোধে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, নিরপেক্ষ যাচাই এবং আইনজীবীর নিজের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রচলিত আইনে জবাবদিহির বিধান থাকতে হবে। অর্থাৎ, এই আইনের উদ্দেশ্য হবে পেশাগত দায়িত্ব পালনের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে আইনজীবীকে সুরক্ষা দেওয়া, কোনো ধরনের দায়মুক্তি নিশ্চিত করা নয়।

লেখক
মুহম্মদ সজীব প্রধান
তরুণ লেখক ও বিশ্লেষক