১৮ নভেম্বর ২০২৬, ১৪:১৬

এআই যুগে তরুণরা কেন সাইবার প্রতারণার শিকার হচ্ছে

মো. মোবারক করিম  © সৌজন্যে প্রাপ্ত

গত এক দশকে আমাদের রোজকার কাজের বড় অংশ অনলাইনে চলে গেছে। ক্লাস হয় অনলাইনে, টাকা পাঠানো হয় মোবাইলে, চাকরির আবেদন যায় ই-মেইলে, আর বন্ধুদের সঙ্গে কথা হয় ফেসবুক বা হোয়াটসঅ্যপে। স্মার্টফোন এসব কাজ সহজ করেছে। সঙ্গে কিছু বিপদও এনেছে, যেগুলো নিয়ে আমরা সাধারণত মাথা ঘামাই না, যতক্ষণ না নিজের সঙ্গে কিছু ঘটে।

এই বিপদে সবচেয়ে বেশি তরুণদের, কারণ দিনের বড় একটা সময় তারা অনলাইনেই থাকে। ফ্রিল্যান্সিং বা ডিজিটাল পেমেন্ট তাদের কাছে নতুন কিছু নয়, নতুন অ্যাপ চালাতেও কারও সাহায্য লাগে না। তবে কোন লিংক বা ওয়েবসাইট ভুয়া, কিংবা কোন app দরকারের চেয়ে বেশি তথ্য নিচ্ছে, এগুলো অনেকেই ধরতে পারে না। কোন তথ্য অনলাইনে দেওয়া যায় আর কোনটা যায় না, সেটাও অনেকের কাছে পরিষ্কার নয়।

ফিশিং, ভুয়া ফেসবুক আইডি, অনলাইন ব্ল্যাকমেইল, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, এ ধরনের খবর এখন প্রায় প্রতিদিন পত্রিকায় আসে। বেশির ভাগ ক্ষেত্রে শুরুটা হয় ছোট একটা ভুল থেকে। কেউ অচেনা লিংকে ক্লিক করেন, কেউ ফোনে আসা OTP অন্যকে বলে দেন। কেউ আবার ভুয়া চাকরি বা স্কলারশিপের বিজ্ঞাপন দেখে আবেদন করে বসেন।

শিক্ষার্থী আর চাকরিপ্রার্থীরা এই ফাঁদে বেশি পড়েন। বিদেশে চাকরি বা ঘরে বসে আয়ের কথা বলে তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য আর মোবাইল ব্যাংকিংয়ের পিন নিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হয়ে শেষে ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি পর্যন্ত গড়ায়, এমন ঘটনাও কম শোনা যায় না।

আমাদের ফোন নম্বর, ছবি, কোথায় যাই, কী কিনি, অনলাইনে কোন পাতায় বেশি সময় কাটাই, এসব তথ্যের এখন বাজারমূল্য আছে। এগুলো জোড়া দিলে একজন মানুষের আগ্রহ আর দুর্বলতা দুটোই বোঝা যায়। অথচ নতুন অ্যাপ নামানোর সময় আমরা কিছু না পড়েই সব পারমিশন দিয়ে দিই। ফোনের প্রাইভেসে সেটিং কোথায়, অনেকে কখনো খুলেও দেখেননি।

অনলাইনে একবার যা যায়, তা পুরোপুরি মুছে ফেলা কঠিন। একজন শিক্ষার্থী আজ যে ছবি বা মন্তব্য পোস্ট করছে, কয়েক বছর পর কোনো নিয়োগকর্তা তা খুঁজে পেতে পারেন। পোস্ট ডিলিট করলেই সব শেষ, অনেকে এমনটা ভাবেন। কিন্তু ততক্ষণে কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে রেখেছে।

কিছু অভ্যাসও ঝুঁকি বাড়ায়। অনেকে সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড দেন, টু-ফ্যাক্টর অথেটিকেশন চালু করেন না। ফোনের আপডেট মাসের পর মাস ঝুলে থাকে। রেস্তোরাঁ বা বাসস্ট্যান্ডের খোলা ওয়াইফাই-তে বসে ব্যাংকের লেনদেন করতেও অনেকে দ্বিধা করেন না। একটা দুর্বল পাসওয়ার্ড দিয়েই কেউ ই-মেইল থেকে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে।

শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে, টাকাও লেনদেন করছে। কিন্তু প্রতারণা চেনার উপায় বা নিজের তথ্য রক্ষার নিয়ম কোথাও আলাদা করে শেখানো হয় না। অনেকে শেখে একবার ঠকে যাওয়ার পর। আমার মনে হয়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে সাইবার নিরাপত্তার একটা বেসিক কোর্স থাকা দরকার। কম্পিউটার বিজ্ঞানের ছাত্রের যেমন দরকার, ব্যবসায় শিক্ষা বা সাহিত্যের ছাত্রেরও তেমনি দরকার।

এআই আসার পর প্রতারণা আরও সহজ হয়েছে। এখন কারও ছবি বা কণ্ঠ নকল করে এমন ভিডিও বানানো যায়, যা দেখে আসল মনে হয়। একে বলে ডিপফেক প্রতারকেরা এআই দিয়ে এমন মেসেজ লেখে, যার ভাষায় কোনো ভুল থাকে না, তাই সন্দেহও জাগে না। পরিচিত কারও গলায় টাকা চেয়ে ফোন আসার ঘটনা বিভিন্ন দেশে ঘটেছে। সাধারণ মানুষের পক্ষে আসল আর নকল আলাদা করা দিন দিন কঠিন হচ্ছে। তরুণেরা কোনো কিছু যাচাই না করেই দ্রুত শেয়ার করে, তাই এসব ভুয়া কনটেন্ট তাদের মধ্যে ছড়ায়ও তাড়াতাড়ি।

ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও হামলার লক্ষ্য হয়। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, সরকারি ডেটাবেজ, হাসপাতাল কিংবা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেও হামলা হতে পারে। বড় কোনো হামলায় টাকার ক্ষতি তো হয়ই, সেবাও কিছুদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তখন সাধারণ মানুষ ওই প্রতিষ্ঠানের ওপর ভরসা হারায়। এজন্য সাইবার নিরাপত্তাকে আইটি বিভাগের একার দায়িত্ব হিসেবে দেখলে চলে না। আইন আর শিক্ষা, দুই দিক থেকেই এ নিয়ে কাজ করতে হবে।

শিক্ষার দিকটায় আমাদের ঘাটতি অনেক। শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে, টাকাও লেনদেন করছে। কিন্তু প্রতারণা চেনার উপায় বা নিজের তথ্য রক্ষার নিয়ম কোথাও আলাদা করে শেখানো হয় না। অনেকে শেখে একবার ঠকে যাওয়ার পর। আমার মনে হয়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে সাইবার নিরাপত্তার একটা বেসিক কোর্স থাকা দরকার। কম্পিউটার বিজ্ঞানের ছাত্রের যেমন দরকার, ব্যবসায় শিক্ষা বা সাহিত্যের ছাত্রেরও তেমনি দরকার।

বিশ্ববিদ্যালয়গুলো চাইলে এই খাতে দক্ষ লোক তৈরিতেও ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি শেখার আগ্রহ আমাদের তরুণদের মধ্যে আছে। cyber security analyst, digital forensic expert, ethical hacker বা data privacy expert হিসেবে দেশে-বিদেশে কাজের সুযোগ বাড়ছে। সেই দিকে কিছু শিক্ষার্থীকে আগ্রহী করে তোলা গেলে দেশেরও উপকার হবে।

অনলাইন হয়রানির শিকার তরুণদের মনের ওপর যে চাপ পড়ে, সেটা নিয়ে আমরা কম কথা বলি। ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি পেয়ে অনেকে দিনের পর দিন উদ্বেগে কাটায়। লজ্জা আর ভয়ে বাবা-মা বা শিক্ষককে কিছু জানায় না। অপরাধীরা ঠিক এই নীরবতার সুযোগ নেয়। পরিবার আর শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পরিবেশ দরকার, যেখানে একজন তরুণ বিপদে পড়লে নির্ভয়ে কাউকে বলতে পারে।

তাহলে কী করা যায়? শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তাকে বাধ্যতামূলক কোর্স করা যায়। জাতীয় পর্যায়ে নিয়মিত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে আর ভুক্তভোগীকে সুরক্ষা দিতে পুলিশের ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়াতে হবে। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, মোবাইল অপারেটর আর ই-কমার্স প্রতিষ্ঠানগুলোরও দায় আছে। সহজ বাংলায় সতর্কবার্তা পাঠানো আর হটলাইনে অভিযোগ জানানোর সুযোগ রাখলে অনেক ক্ষতি আগেভাগে আটকানো যায়।

ব্যক্তিগত পর্যায়ে যা করতে হবে, তা খুব কঠিন কিছু নয়। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্ত পাসওয়ার্ড রাখা আর টু-ফ্যাক্টর অথেটিকেশন চালু করা দিয়ে শুরু করা যায়। অচেনা লিংক বা সন্দেহজনক মেসেজ এড়িয়ে চলা, আর কোনো তথ্য শেয়ারের আগে একবার ভেবে নেওয়ার অভ্যাস থাকলে অনেক বিপদ এড়ানো যায়।

প্রযুক্তি বদলালে প্রতারণার কৌশলও বদলায়। দুই বছর আগে যে সতর্কতা যথেষ্ট ছিল, AI আসার পর তা আর যথেষ্ট নয়। তাই নিজের জানাশোনা নিয়মিত আপডেট করতে হবে, আইন আর নীতিকেও সময়ের সঙ্গে বদলাতে হবে। আমাদের তরুণেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ। এর সঙ্গে নিরাপত্তার জ্ঞানটুকু যোগ হলে তারা অনলাইনে অনেক কম ঝুঁকিতে থাকবে।

লেখক: সহকারী অধ্যাপক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পিএইচডি ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়