হীরকজয়ন্তীর উৎসব আমেজে বর্ণিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের গৌরবোজ্জ্বল পথচলা পূর্ণ হতে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হীরকজয়ন্তী উৎসব। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। বর্ণিল আলোকসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নানা সাজসজ্জায় নতুন রূপে সেজেছে বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে যেন ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস আর ফিরে দেখার এক আবেগঘন আবহ। দীর্ঘ ছয় দশকের স্মৃতি, অর্জন, সংগ্রাম ও গৌরবকে একসূত্রে বাঁধতে যাচ্ছে এই আয়োজন।
একটি বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি কেবল একটি আনুষ্ঠানিক উদযাপন নয়; এটি একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন করে মূল্যায়নের উপলক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। ১৯৬৬ সালে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ ছয় দশকে তৈরি করেছে অসংখ্য কৃতী শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও পেশাজীবী। দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, সামাজিক আন্দোলন ও জাতীয় জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান।
এবারের হীরকজয়ন্তী উৎসবের ব্যাপকতাও বেশ তাৎপর্যপূর্ণ। আয়োজনে অংশ নিতে নিবন্ধন করেছেন প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এটি পরিণত হতে যাচ্ছে এক বিশাল মিলনমেলায়। কয়েক দশক আগে ক্যাম্পাস ছেড়ে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা আবার ফিরে আসবেন তাঁদের স্মৃতির আঙিনায়। পুরোনো বন্ধু, সহপাঠী, শিক্ষক ও পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা হবে। ফিরে আসবে শিক্ষাজীবনের নানা গল্প, আড্ডা, আনন্দ-বেদনা ও সংগ্রামের স্মৃতি। প্রজন্মের সঙ্গে প্রজন্মের এই মেলবন্ধনই হীরকজয়ন্তীর অন্যতম বড় প্রাপ্তি।
একজন প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পেশাগতভাবে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে আমার কাছে এই আয়োজনের আবেগ ও তাৎপর্য একটু ভিন্ন। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি মানুষের চিন্তা, মনন, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার প্রতিটি পথ, পাহাড়, সবুজ প্রকৃতি, অনুষদ, হল, গ্রন্থাগার কিংবা ক্যাম্পাসের চায়ের দোকান—সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো মানুষের জীবনের গল্প। তাই হীরকজয়ন্তী আমাদের কাছে কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং শেকড়ের কাছে ফিরে যাওয়ারও একটি সুযোগ।
হীরকজয়ন্তীর এই আয়োজন যেন কেবল কয়েক দিনের উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, গবেষণা ও আর্থিক সহযোগিতাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানোর কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগ ও সহযোগিতার স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে। এতে হীরকজয়ন্তী একটি স্মরণীয় উৎসবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি হিসেবেও কাজ করবে।
লেখক, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।