হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
ভোরের আলো ফোটার আগেই হুইসেলটা বাজে। বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটা যখন ষোলশহর পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে ঢোকে, তখনই জেগে ওঠে পাহাড়। হলের বারান্দায় দাঁড়িয়ে থাকা ছেলেটা চোখ কচলাতে কচলাতে দৌঁড় দেয় ক্লাসে। মেয়েদের হলের গেটে তখনো হয়তো তালা খোলেনি। ভেতরের বাগান থেকে শোনা যায় পাখির ডাক।
একটা ট্রেনের হুইসেল শুনে শুরু হয় সকাল। পাখির ডাকে আবাসিক হলের ঘুমন্ত শিক্ষার্থীরা জেগে ওঠে। এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয়, যার নিজের ট্রেন আছে। যে ট্রেনে চড়ে প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার শিক্ষার্থী শহর থেকে পাহাড়ের ক্যাম্পাসে আসে আর ফেরে।
এই ক্যাম্পাসের বয়স এবার ৬০। আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর। মাত্র ৪টি বিভাগ— বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি। ৭ জন শিক্ষক। ২০০ জন শিক্ষার্থী। জোবরার পাহাড়ে তখনো শিয়াল ডাকতো। আজ সেই পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ১০টি অনুষদ, ৫৪টি বিভাগ ও ইনস্টিটিউট, ৬টি ইনস্টিটিউট। প্রায় ২৮ হাজার শিক্ষার্থী, ৯০০’র বেশি শিক্ষক। ২ হাজার ৩০০ একর জায়গা নিয়ে দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস।
এই ৬০ বছরের মোড়ে এসে প্রশ্নটা খুব স্বাভাবিক— কেমন আছে এই বিশ্ববিদ্যালয়? কেমন আছেন এর মানুষগুলো? আর কে-ই বা একে সামনে নিয়ে যাবেন?
এমন একজন উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন যিনি একজন স্কলার। ল্যাব কিভাবে তৈরি করতে হয়, গবেষণা প্রস্তাবের মান কিভাবে যাচাই করতে হয়, কিভাবে গবেষণার পরিবেশ তৈরি করতে হয়, কিভাবে গবেষণামুখী অবকাঠামো নির্মাণ করতে হয়, কিভাবে প্রশাসনিক জটিলতা কমাতে হয় - সব অভিজ্ঞতাই আছে প্রফেসর ড. আল-ফোরকানের। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সাজিয়ে এখন সাজাচ্ছেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে।
যে ক্যাম্পাস রক্ত দিয়েছে
১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন- প্রতিবারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল সামনের কাতারে। মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শহীদ হয়েছেন। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন হৃদয় তরুয়া, ফরহাদ হোসেন। প্রতিষ্ঠার পেছনেও আছে লড়াই। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ১৯৪০ সালে চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন। চট্টগ্রামের রাউজানের সন্তান ফজলুল কাদের চৌধুরী সেই দাবিকে রাষ্ট্রের টেবিলে তুলেছিলেন। তারপর ১৯৬৬-তে জন্ম নিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রথম উপাচার্য থেকে আজ পর্যন্ত — হাত ধরে হাত ধরে বড় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রথম উপাচার্য অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিক। এরপর থেকেই একে একে হাত ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে আজকের ৬০ বছরের এই প্রতিষ্ঠানে। অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিক, ড. ইউ. এন. সিদ্দিকী, ড. এম. ইননাস আলী, অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক এম. এ. আজিজ খান, অধ্যাপক মোহাম্মদ আলী, ড. আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দীন, ড. রফিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক মো. ফজলে হোসেন, অধ্যাপক আ জ ম নুরুদ্দীন চৌধুরী, ড. এম. বদিউল আলম, ড. আবু ইউসুফ, ড. মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ড. শিরীণ আখতার, ড. মো. আবু তাহের, ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, ড. মোহাম্মদ আল-ফোরকান- এই প্রথিতযশা একেকজন শিক্ষাবিদ একেক সময়ে দায়িত্ব নিয়েছেন। কেউ গড়েছেন বিভাগ, কেউ গড়েছেন হল, কেউ গড়েছেন ল্যাব, কেউ সামলেছেন সংকট। ৪টি বিভাগ, ৭ জন শিক্ষক, ২০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টা আজ ২৮ হাজার শিক্ষার্থীর। এই বড় হয়ে ওঠার পেছনে এই ২১ জনের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আজ ২১তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের হাতটা ধরে আছেন ড. মোহাম্মদ আল-ফোরকান।
জোবরা থেকে নোবেল
জোবরা গ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের ছোট্ট একটা গ্রাম। সেখান থেকেই একদিন অর্থনীতি বিভাগের এক তরুণ শিক্ষক গ্রামীণ মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করলেন। তার নাম ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি নোবেল পেলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানেই তো এমন গল্প। এখানে পড়িয়েছেন পদার্থবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। পড়িয়েছেন অনুপম সেন, আনিসুজ্জামান, আবুল ফজল, সৈয়দ আলী আহসান, আলাউদ্দিন আল আজাদ। রং তুলিতে ক্যাম্পাস এঁকেছেন মুর্তজা বশীর। ভাস্কর্য গড়েছেন ঢালী আল মামুন।
এই ক্যাম্পাস থেকে বেরিয়ে কেউ হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কেউ মুখ্য সচিব, কেউ সচিব, কেউ মেয়র, কেউ বিচারক, কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী। চবির অ্যালামনাইদের অনেকেই আছে এখন দেশের স্টিয়ারিংয়ে।
প্রাসঙ্গিক কারণেই বর্তমান উপাচার্যের গবেষণা, ল্যাব থেকে তাঁর মাঠে বিচরণ আলোচিত। কারণ আন্তর্জাতিক মানের খুব কম গবেষকই উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৮ সালের ১২ ডিসেম্বর হাটহাজারীর ফতেহপুরে জন্ম আল-ফোরকানের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই উদ্ভিদবিজ্ঞানে প্রথম শ্রেণিতে বিএসসি, এমএসসি। ১৯৯৩ সালে উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে অধ্যাপক। তারপর বৃত্তি নিয়ে চলে গেলেন ইংল্যান্ডে। নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলেন বাংলাদেশের ধানের জিন নিয়ে।
সেই গবেষণাই তার সবচেয়ে বিখ্যাত কাজ। বাংলাদেশি ধান বি আর ২৬ আর বিন্নি ধানের কোষে ব্যাকটেরিয়ার সাহায্যে নতুন জিন ঢুকিয়ে সুস্থ, ফলন দেওয়া ধান গাছ বানানো হলো। তখন এটা ছিল বাংলাদেশের জন্য প্রথম নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া লবণ সওয়া, খরা সওয়া ধান বানানো যেত না। আজও বাংলাদেশে ধানের জিন গবেষণায় এই পদ্ধতিই ভিত্তি।
পিএইচডির পর থেমে যাননি প্রফেসর ড. আল-ফোরকান। কানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ে তেলবীজ ফসলের মান উন্নয়নে গবেষণা করলেন তিনি। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে কাজ শুরু করলেন। তারপর ফিরে এলেন। ২০০৪ সালে প্রতিষ্ঠা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। নিজের হাতে গড়লেন জিন ও প্রোটিন নিয়ে গবেষণার ল্যাব আর স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউস।
এই ল্যাবেই এখন চলছে ক্যানসার প্রতিরোধী ধান, লবণ সওয়া ফসলের জিন গবেষণা, ডিএনএ পরীক্ষা, প্রোটিন বিশ্লেষণ, রোগ নির্ণয়ের কাজ। প্রফেসর ড. আল-ফোরকানের দ্বিতীয় জীবন শুরু হলো আর্সেনিক নিয়ে। বাংলাদেশের মাটিতে, পানিতে, ভাতে আর্সেনিক। এই আর্সেনিক যে শুধু পানি দিয়ে নয়, ভাত আর শাক দিয়েও শরীরে ঢুকছে - এটা তিনি প্রমাণ করলেন ল্যাবে।
গবেষণায় দেখালেন— আর্সেনিক মেশানো ভাত খাওয়ানো ইঁদুরের লিভার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সঙ্গে পাটশাক দিলে লিভার বেঁচে যাচ্ছে। পাটশাকের পাতায় আছে আর্সেনিকের বিষ কাটানোর ক্ষমতা। আরেক গবেষণায় দেখালেন, বাংলাদেশের মানুষের মধ্যে তিনটি জিনের ভিন্নতার কারণে আর্সেনিকজনিত হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। সর্বশেষ ২০২৫ সালে দেখালেন, আর্সেনিক মেশানো ভাত আর ঢেঁকিশাক খাওয়ানো ইঁদুরের লিভার-কিডনিতে প্রদাহ, পচন, চর্বি জমা ধরা পড়লো। এটাই বাংলাদেশে খাবারের মাধ্যমে আর্সেনিকের বিষক্রিয়ার প্রথম সরাসরি প্রমাণ।
একই সঙ্গে ২০২৫ সালে বাংলাদেশের ২০৩ জন স্তন ক্যানসার রোগীর ওপর গবেষণায় দেখা গেল, পি-৫৩ নামের একটি জিনের ৭২ নম্বর জায়গায় আর্জিনিন থাকলে ক্যানসার বেশি আগ্রাসী হয়। বগলের লিম্ফ নোডে ছড়িয়ে পড়ার ঝুঁকি ২১ গুণ বেড়ে যায়। করোনার সময় চট্টগ্রামের ৭টি ল্যাব থেকে ৪২টি নমুনার জিন পরীক্ষা করে চট্টগ্রামে প্রথম ২টি ডেল্টা ধরন শনাক্ত করলেন তার দল। ৩১ বছরের শিক্ষকতায় ৫১টি গবেষণা প্রবন্ধ লিখেছেন আল-ফোরকান। তিনি বিশ্বাস করেন, গবেষণা মানে ল্যাবের ভেতরে বসে লেখা নয়। গবেষণা মানে মাঠে গিয়ে দেখা, কৃষকের ধান কেন মরছে, শিশুর ভাতে কেন বিষ, মায়ের বুকে কেন টিউমার।
এতটা গবেষণা, এতটা প্রশাসনিক অভিজ্ঞতার পরও উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রশ্নটা যোগ্যতা নিয়ে নয়, প্রশ্নটা ট্যাগ নিয়ে।
একজন উপাচার্যের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলা যায়। এই উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতায় এ নিয়ে বিতর্ক হবেই। কিন্তু নিয়োগের সময় সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত তাঁর একাডেমিক এক্সিলেন্সি আর প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে। সেটা না করে আমরা এখন ট্যাগের রাজনীতিতে মেতে উঠেছি।
গত ১৪ মে একদিনে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের পর ১৫ মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়ে বলেছেন, এসব নিয়োগে নাকি যোগ্যতা নয়, দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।
আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিনি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানকে কার্যত বিএনপির দলীয় ভিসি বলে ট্যাগ দিয়ে দিলেন। জামায়াত কেন্দ্রীয়ভাবেই এই নিয়োগ মেনে নেয়নি, প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা বলেছেন, বর্তমান উপাচার্য প্রফেসর ড. আল-ফোরকান কখনো বিএনপি করেননি, ছাত্রদলও করেননি।
ছাত্রদল নেতার প্রতি শ্রদ্ধা রেখেই প্রশ্ন রাখছি— একজন শিক্ষককে উপাচার্য হতে হলে কি ছাত্রদল বা দলীয় পদবি ধারণ করতেই হবে? এটা কি খুব জরুরি? উনি কি অন্য কোনো রাজনৈতিক দল করেছেন বা করছেন, যে তাঁকে বিএনপি সরকারের সময়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়া যাবে না?
এই প্রশ্নটা জরুরি, কারণ দুই পক্ষই একই ভুল করছে। এক পক্ষ বলছে, তিনি বিএনপির লোক বলে অযোগ্য। আরেক পক্ষ প্রমাণ করতে চাইছে, তিনি বিএনপি দলটি করেননি বলে অযোগ্য। দুটোই ভুল যুক্তি। রাজনীতি করলেও একজনকে অযোগ্য বলা যায় না, রাজনীতি না করলেও তাকে অযোগ্য বলার কোনো সুযোগ নেই।
যদিও রাজনৈতিকভাবে প্রফেসর ড. আল-ফোরকান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে প্রফেসর ড. আল-আমীনের নেতৃত্বে গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি হন প্রফেসর ড. আল-ফোরকান। ২০২১ সালে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে সরব ছিলেন তিনি। এখন তাকে কেউ বিএনপি, কেউ বিএনপি ছিল না— দুই তকমা দিয়েই বিব্রত করার চেষ্টায় লিপ্ত। যেন উপাচার্য হতে হলে রাজনৈতিক পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ! আমাদের অনেকের মানসিকতা হলো, কেউ উপাচার্য পদে দায়িত্ব নিলেই তাকে কাজ করতে বাঁধা দেয়া। তাকে সহযোগিতার বদলে নানামুখী ট্যাগ দিয়ে তাকে বিব্রত করা। শুধু উপাচার্য বা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও মনগড়া রাজনৈতিক ট্যাগ দেওয়া হয় যার যার 'সুবিধা' মতো। একজনকে কখনো শিবির ট্যাগ দেয়া হয়, একই ব্যক্তিকে আবার আওয়ামী লীগ বানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগণিত গবেষক আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশে নানা অবদান রেখে চলেছেন। এসব নিয়ে আভ্যন্তরীণ আলোচনা খুব কমই হয়। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কখনো শুধু ক্লাসরুমে বা অফিসে বসে থাকেননি। হালদা নদী বাঁচাতে লড়ে যাচ্ছেন ড. মঞ্জুরুল কিবরিয়া। তাঁর নেতৃত্বে পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিসার্চ ল্যাবরেটরি। তিনি চট্টগ্রামে নদী রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গবেষণা ও সামাজিক আন্দোলন করার মাধ্যমে। সমুদ্রের লবণাক্ত পানিকে কম খরচে সুপেয় করার পদ্ধতি আবিষ্কার করেছেন ড. শেখ আফতাব উদ্দিন। বঙ্গোপসাগরের মানচিত্র এঁকেছেন অধ্যাপক ড. সাইদুর রহমান চৌধুরী। সাবেক শিক্ষার্থী সাজিদ আলী হাওলাদার দেশের সর্বকনিষ্ঠ বিজ্ঞানী হিসেবে নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অহংকারের জায়গা অনেক। কেন্দ্রীয় গ্রন্থাগারে এখন সাড়ে ৩ লাখের বেশি বই। দেশের একমাত্র একাডেমিক জাদুঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই অবস্থিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে রয়েছে বাংলাদেশের প্রথম ও একমাত্র ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন।
কিছু আক্ষেপও আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। ৬০ বছরে সমাবর্তন হয়েছে মাত্র ৫ বার। প্রথমটা ১৯৯৪ সালে, সর্বশেষটা ২০২৫ সালে। অনেক শিক্ষার্থী গাউন পরে ছবি তোলার স্বপ্ন নিয়ে বেরিয়ে গেছেন, সমাবর্তন পাননি। সেশনজট এখনো আছে। হলের আসন সংকট আছে। শাটল ট্রেনে এখনো গাদাগাদি করে উঠতে হয়। কিন্তু তারপরও, সকালের শাটলের হুইসেল শুনলেই মনে হয় - এই ক্যাম্পাসটা এখনো বেঁচে আছে। পাখির ডাক, ঝর্ণার শব্দ, ঝুলন্ত সেতু, ঝুপড়ি দোকানে চায়ের আড্ডা— এসব নিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৬০ বছর আগে ২০০ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় আজ ২৮ হাজারের। ৬০ বছরের ক্যাম্পাসে বড় হয়েছে সবকিছুই, ছোট হয়েছে কেবল আভ্যন্তরীণ রাজনীতির মানসিকতাই।
লেখক:
মাসুদ ফরহান অভি, সাবেক সহ-সভাপতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি