দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পররাষ্ট্রনীতির অভিমুখ কোথায়?
আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের গুরুত্ব কেবল সামরিক শক্তি কিংবা অর্থনীতির আকার দিয়ে নির্ধারিত হয় না। ভৌগোলিক অবস্থান, কূটনৈতিক প্রজ্ঞা ও অর্থনৈতিক সম্ভাবনাও একটি দেশকে আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ নিয়ামকে পরিণত করতে পারে। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সামনে এখন তেমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতির কেন্দ্রীয় শক্তি ভারত। পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাব, ভারত-পাকিস্তান বৈরিতা এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আন্তর্জাতিক প্রতিযোগিতা এ অঞ্চলের ক্ষমতার সমীকরণকে জটিল করে তুলেছে। এই বাস্তবতায় বাংলাদেশের সামনে প্রশ্ন হলো, দেশটি কি কেবল বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখবে, নাকি নিজস্ব সক্ষমতায় আঞ্চলিক রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করবে?
প্রথমেই জেনে নেওয়া যাক ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি সম্পর্কে। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে ‘Bangladesh First’ ধারণাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ নীতিকে পররাষ্ট্রনীতির মূল দর্শন হিসেবে ঘোষণা করেন। এর মূল কথা হলো, কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা ভূরাজনৈতিক বলয়ের প্রতি অতিনির্ভরশীল না হয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি Strategic Autonomy বা কৌশলগত স্বায়ত্তশাসনের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর অর্থ সবার কাছ থেকে সমান দূরত্ব বজায় রাখা নয়, বরং চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে নিজস্ব প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা। তবে এ নীতি বাস্তবায়নে প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং বিকল্প অংশীদার তৈরির সামর্থ্য। অন্যথায় নির্ভরশীলতার ধরন বদলালেও নির্ভরশীলতা থেকেই যেতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ভারত। দুই দেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটারের বেশি স্থলসীমান্ত ও ৫৪টি অভিন্ন নদী রয়েছে। বাণিজ্য ও নিরাপত্তাগত আন্তর্নির্ভরতাও গভীর। ফলে ভারতের সঙ্গে সম্পর্ক জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমানে সীমান্ত হত্যা, তিস্তার পানিবণ্টন, বাণিজ্যিক বিধিনিষেধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি রয়েছে। ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, পূর্ববর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার। এটি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নয়, বরং জাতীয় স্বার্থের নিরিখে সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের উদ্যোগ। এদিকে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদি কার্যকাল ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। চুক্তিটির নবায়ন দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ায় কূটনৈতিক যোগাযোগেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত ভারতের সঙ্গে বিরোধ কিংবা একতরফা নির্ভরশীলতার মধ্যে আটকে না থেকে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করা। বিশেষ করে সার্বভৌমত্ব, ন্যায্য হিস্যা ও নিরাপত্তার প্রশ্নে নিজের দর-কষাকষির সক্ষমতা বাড়ানো জরুরি।
চীন ও জাপানের সঙ্গে অংশীদারত্বের বহুমুখীকরণও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবকাঠামো ও বিনিয়োগ খাতে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের ২২–২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশ Comprehensive Strategic Cooperative Partnership এগিয়ে নেওয়া এবং ‘China-Bangladesh Community with a Shared Future’ গড়ে তোলার অঙ্গীকার করে। তিস্তা নদী ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। তবে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস বা সম্ভাব্যতা সমীক্ষা এগিয়ে নেওয়ার সম্মতি পূর্ণ অর্থায়ন ও বাস্তবায়নের নিশ্চয়তা নয়। মোংলা বন্দরের ক্ষেত্রে ২০২৬ সালের অক্টোবরে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ২.৪০৪ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ঋণের সুদের হার ২ শতাংশ এবং পরিশোধের মেয়াদ ২০ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড। এ অর্থে দুটি কনটেইনার টার্মিনালসহ বন্দরের আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। তবে ঋণের শর্ত ও দীর্ঘমেয়াদি নির্ভরশীলতার ঝুঁকি বিবেচনায় রাখা জরুরি।
অন্যদিকে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম Economic Partnership Agreement (EPA) স্বাক্ষরিত হয়। ২৭ অক্টোবর টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকে কৌশলগত অংশীদারত্ব, বিনিয়োগ, সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বলে জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। চীন ও জাপানের সঙ্গে সম্পর্কের এই অগ্রগতি বাংলাদেশের অংশীদারত্ব বহুমুখী করার সুযোগ তৈরি করেছে। তবে কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করাই হবে কূটনৈতিক দক্ষতার পরীক্ষা।
এর বাইরে সার্ক, আসিয়ান ও বিমসটেকের মতো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলোও বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সার্ক প্রতিষ্ঠার পেছনে বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৮৫ সালের ৭–৮ ডিসেম্বর ঢাকায় প্রথম শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে সংস্থাটির যাত্রা শুরু হয়। বাংলাদেশ পরবর্তী সময়ে ১৯৯৩ ও ২০০৫ সালেও সম্মেলন আয়োজন করে। কিন্তু ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন হয়নি। ভারত-পাকিস্তান বৈরিতা ও রাজনৈতিক অবিশ্বাসে সংস্থাটি কার্যত স্থবির। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার অঙ্গীকার করেন। ৬ জুলাই BIISS-এর এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও পুনরুজ্জীবনের রূপরেখা তুলে ধরেন। তবে ভারতের সম্মতি ও ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি ছাড়া সার্ককে কার্যকর করা কঠিন। তাই বাণিজ্য, শিক্ষা, জনস্বাস্থ্য, জলবায়ু ও যোগাযোগের মতো খাতে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতেও বাংলাদেশের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের ২৩ জুলাই ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ASEAN Sectoral Dialogue Partner হওয়ার প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন চায়। একই সঙ্গে Regional Comprehensive Economic Partnership (RCEP)-এ যুক্ত হওয়ার উদ্যোগ নেয়। ২১ সেপ্টেম্বর ২০২৬ ম্যানিলায় RCEP মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রক্রিয়া এগিয়ে নিতে বিশেষ Ad Hoc Accession Working Group গঠনের সুপারিশ অনুমোদিত হয়। তবে এটি সদস্যপদ অর্জন নয়, বরং প্রক্রিয়াগত অগ্রগতি। RCEP-এর সদস্য হতে পারলে বৃহৎ আঞ্চলিক বাজারে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে। অন্যদিকে, ২০২৫ সালের ৩ এপ্রিল স্বাক্ষরিত BIMSTEC Maritime Transport Cooperation Agreement ২০২৬ সালের ১৩ মে মিয়ানমারের অনুসমর্থনের পর কার্যকর হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করে। তবে বাংলাদেশসহ সব সদস্য এখনো এটি অনুসমর্থন করেনি। বন্দর, সড়ক, রেল ও জ্বালানি সংযোগে কার্যকর উদ্যোগ নিতে পারলে বিমসটেকে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে।
জাতিসংঘে বাংলাদেশের অবস্থান কেমন, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। ২০২৬ সালের ২ জুনের নির্বাচনে তিনি ১৯০টি বৈধ ভোটের মধ্যে ৯৯টি পেয়ে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করেন। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব নিরপেক্ষ ও বহুপক্ষীয়। তবে এই পদে বাংলাদেশের প্রতিনিধির অধিষ্ঠান আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু অর্থায়ন, শান্তিরক্ষা ও উন্নয়ন অর্থায়নের মতো বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরার সুযোগও রয়েছে। এ ছাড়া ২০২৬ সালের ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত নির্ধারণ করেছে। এই বাড়তি সময়কে কূটনৈতিক অর্জন হিসেবে দেখার পাশাপাশি অর্থনৈতিক প্রস্তুতির সুযোগ হিসেবেও কাজে লাগাতে হবে। রপ্তানি প্রতিযোগিতা, উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও আর্থিক খাতের সংস্কারে এখন আরও মনোযোগ প্রয়োজন।
লেখা শেষ করার আগে সংক্ষেপে জেনে নেওয়া যাক, আগামী পাঁচ বছরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার কী হওয়া উচিত। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন। ভারতের সঙ্গে পানি, সীমান্ত, বাণিজ্য ও যোগাযোগের সমস্যাগুলোর সমাধান জরুরি। চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বহুমুখী করতে হবে। পাশাপাশি সার্ক পুনরুজ্জীবনের চেষ্টা এবং বিমসটেক ও আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো গুরুত্বপূর্ণ। এসবের পাশাপাশি জাতিসংঘ, ওআইসি ও কমনওয়েলথে বাংলাদেশের ভূমিকা আরও সুসংহত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, পররাষ্ট্রনীতিকে রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে তুলে দীর্ঘমেয়াদি জাতীয় কৌশলের ভিত্তিতে পরিচালনা করা। মনে রাখতে হবে, কূটনৈতিক সাফল্য কেবল বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর কিংবা উচ্চপর্যায়ের সফরের সংখ্যায় নির্ধারিত হয় না। এসব উদ্যোগ জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত করছে, সেটিই আসল বিবেচ্য। তাই গবেষণাভিত্তিক নীতি নির্ধারণ, দক্ষ কূটনীতিক তৈরি এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আগামী পাঁচ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে নিজের স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও কার্যকর কূটনৈতিক অবস্থান তৈরি করা।
লেখক: মুহম্মদ সজীব প্রধান
তরুণ লেখক ও বিশ্লেষক