এমপিওভুক্ত শিক্ষকের বদলি, পে-স্কেল ও উৎসব ভাতা: শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন করে জটিলতা ও বৈষম্যের আশঙ্কা তৈরি হওয়ায় হাজারো শিক্ষক উদ্বিগ্ন। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর বদলি নীতিমালা প্রণয়ন এবং সফটওয়্যারভিত্তিক আবেদন গ্রহণের মাধ্যমে যখন একটি প্রত্যাশিত প্রক্রিয়া শুরু হয়েছে, তখন ফলাফল প্রকাশের পর্যায়ে নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি হওয়া কাম্য নয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে এনটিআরসিএর সুপারিশভিত্তিক নিয়োগ তুলনামূলকভাবে স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। অন্যদিকে, অতীতে অনেক শিক্ষক তৎকালীন সরকারি বিধিবিধান অনুসরণ করে পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। এখানে শিক্ষকদের ব্যক্তিগত কোনো দায় নেই। সরকার নির্ধারিত নিয়োগপদ্ধতির পরিবর্তনের দায় একজন শিক্ষক কেন বহন করবেন?
একই প্রতিষ্ঠানে চাকরি, একই এমপিও সুবিধা, একই পদোন্নতির বিধান এবং একই অবসর ও কল্যাণসুবিধা ভোগ করার পরও শুধু নিয়োগপদ্ধতির ভিন্নতার কারণে বদলির সুযোগে বৈষম্য তৈরি করা কতটা যৌক্তিক? নিয়োগপদ্ধতির ভিন্নতা অতীতের বাস্তবতা; এটিকে শিক্ষকদের পেশাগত অধিকার সীমিত করার কারণ হিসেবে বিবেচনা করা উচিত নয়।
বিশেষ করে অনেক শিক্ষক নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থল থেকে দূরে চাকরি করছেন। নারী শিক্ষকদের অনেকেই সন্তানদের পড়াশোনা, সংসার পরিচালনা ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে বাড়তি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকের বদলির প্রয়োজন নেই। কিন্তু যাঁদের প্রকৃত প্রয়োজন রয়েছে এবং যাঁরা নীতিমালার শর্ত পূরণ করেন, তাঁদের বদলির সুযোগ দেওয়া হলে রাষ্ট্রের কী ধরনের ক্ষতি হতে পারে, তা বিবেচনা করা প্রয়োজন।
১. বদলির সুযোগ হোক সব শিক্ষকের জন্য
বদলি কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি অনুগ্রহ নয়; এটি একটি মানবিক ও ন্যায়সংগত শিক্ষক ব্যবস্থাপনার অংশ। নিয়োগপদ্ধতির ভিন্নতার কারণে কোনো শিক্ষক যেন বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। অতীতের বৈধ নিয়োগকে যথাযথ স্বীকৃতি দিয়ে প্রযোজ্য আইন ও নীতিমালার শর্ত পূরণকারী সব শিক্ষকের জন্য বদলির সুযোগ নিশ্চিত করা উচিত।
২. গ্রাম থেকে ঢাকাসহ বড় শহরগুলোতে ব্যাপক হারে শিক্ষক চলে যাওয়ার আশঙ্কা অমূলক
ঢাকাসহ বড় শহরগুলোতে ব্যাপক হারে শিক্ষক চলে যাওয়ার আশঙ্কা থাকলে তা বাস্তব তথ্য-উপাত্তের ভিত্তিতে মূল্যায়ন করা প্রয়োজন। এসব শহরে বদলির জন্য আবেদন করতে হলে শিক্ষকদের নীতিমালার নির্ধারিত শর্ত পূরণ করেই আবেদন করতে হয়েছে। কেউ ভুল তথ্য দিয়ে আবেদন করলে যাচাই সাপেক্ষে তাঁকে বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনা যেতে পারে। কিন্তু কয়েকজনের সম্ভাব্য অনিয়মের আশঙ্কায় অন্য যোগ্য আবেদনকারীদের বদলির সুযোগ থেকে বঞ্চিত করা কতটা যৌক্তিক?
তাছাড়া, একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুজনের বেশি আবেদন করার সুযোগ নেই। ফলে ব্যাপক হারে শিক্ষক শহরমুখী হয়ে যাবেন কিংবা স্থানীয় পর্যায়ে শিক্ষকসংকট তৈরি হবে—এমন আশঙ্কার বাস্তব ভিত্তি কতটুকু, তা বিবেচনা করা প্রয়োজন। বরং শূন্যপদ ও নীতিমালার শর্ত অনুসরণ করে বদলি কার্যকর করা হলে এ ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।
৩. নামী প্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদেরও মূল্যায়ন করা দরকার
ঢাকার নামী প্রতিষ্ঠানের শিক্ষকই বেশি যোগ্য—এমন ধারণা গ্রহণযোগ্য নয়। প্রত্যন্ত অঞ্চলেও অনেক দক্ষ, মেধাবী ও পরিশ্রমী শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের ফলাফল ভালো হলেই কোনো প্রতিষ্ঠানের সব শিক্ষক অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের তুলনায় বেশি যোগ্য—এমন সিদ্ধান্তও যুক্তিসংগত নয়।
নামী প্রতিষ্ঠানে সাধারণত মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, পারিবারিক সহযোগিতা এবং ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই একটি প্রতিষ্ঠানের ভালো ফলাফলের সম্পূর্ণ কৃতিত্ব শুধু শিক্ষকদের দেওয়া যেমন সমীচীন নয়, তেমনি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের যোগ্যতাকে খাটো করে দেখাও অনুচিত।
যেসব প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠানে নীতিমালার শর্ত পূরণকারী যোগ্য বদলিপ্রত্যাশী শিক্ষক গ্রহণে অযৌক্তিক আপত্তি থাকা উচিত নয়। ট্রাস্ট, সংস্থা বা মিশনারি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিজেদের পছন্দমতো শিক্ষক নিয়োগের সুযোগ বজায় রাখার উদ্দেশ্যে এমপিওভুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করতে চাইছে কি না, সেটিও আলোচনার দাবি রাখে।
নিজেদের পছন্দমতো শিক্ষক নিয়োগ দিতে পারলেই এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তুলনায় অধিক মেধাবী শিক্ষক পাওয়া যাবে—এমন নিশ্চয়তা কোথায়? বরং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থাকে আরও শক্তিশালী করাই শিক্ষার মানোন্নয়নের জন্য অধিক গুরুত্বপূর্ণ।
৪. বদলিতে তদবিরের আশঙ্কা অযথা বড় করে দেখার প্রয়োজন নেই
সফটওয়্যারভিত্তিক আবেদন গ্রহণ, নির্ধারিত যোগ্যতা যাচাই, শূন্যপদের তথ্য এবং স্বচ্ছ নির্বাচনপ্রক্রিয়া নিশ্চিত করা গেলে ব্যক্তিগত তদবিরের সুযোগ অনেকটাই কমানো সম্ভব। ভুল তথ্য বা অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে।
তাই তদবিরের আশঙ্কাকে সামনে রেখে বদলি প্রক্রিয়াকে জটিল না করে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত শর্ত অনুসরণ করে বদলি কার্যক্রম পরিচালিত হলে ব্যক্তিগত প্রভাবের পরিবর্তে যোগ্যতা ও নীতিমালাই প্রাধান্য পাবে।
৫. সময়ের সঙ্গে নীতিমালা পরিবর্তনযোগ্য, কিন্তু দ্রুত ফল প্রকাশ জরুরি
নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তন ও যুগোপযোগী করা যেতে পারে। তবে যে নীতিমালার ভিত্তিতে ইতিমধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে, ফলাফল প্রকাশের পর্যায়ে নতুন করে বৈষম্য সৃষ্টি করা উচিত নয়। অতীতেও বদলি নীতিমালা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার একটি গ্রহণযোগ্য ও বৈষম্যহীন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বদলির আবেদনসংখ্যা প্রায় ১৪ হাজার। একজন শিক্ষক গড়ে তিনটি করে আবেদন করেছেন ধরে নিলে প্রকৃত আবেদনকারী শিক্ষকের সংখ্যা আনুমানিক পাঁচ হাজারের কাছাকাছি হতে পারে। এটি অবশ্য একটি প্রাথমিক হিসাব; প্রকৃত সংখ্যা নির্ভর করবে যাচাইকৃত তথ্যের ওপর। এই আবেদনকারীদের মধ্যে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা বেশি হওয়ার কথা নয়। প্রকৃত সংখ্যা যাচাই করলেই বিষয়টি স্পষ্ট হবে। তুলনামূলক কমসংখ্যক শিক্ষককে নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে বদলির সুযোগ দেওয়া হলে বড় ধরনের প্রশাসনিক সংকট তৈরি হওয়ার কথা নয়।
৬. নতুন পে-স্কেল ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা নিশ্চিত করা জরুরি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেলের আওতায় আসবেন, তা সুনির্দিষ্টভাবে ঘোষণা করে তাঁদের আশ্বস্ত করা জরুরি। বর্তমান বাজারদরে মাত্র ৫০ শতাংশ উৎসব ভাতা দিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্যাপন করা অত্যন্ত কষ্টসাধ্য। উৎসব যেখানে আনন্দের উপলক্ষ, সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের জীবনে তা যেন হতাশা ও বেদনার কারণ হয়ে না দাঁড়ায়।
শিক্ষামন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও পারিবারিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত বদলির ফলাফল প্রকাশ এবং আগামী ঈদ থেকেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে বদলি নীতিমালাকে আরও যুগোপযোগী করা যেতে পারে।
পরিশেষে বলতে চাই, শিক্ষকরা শুধু পাঠদান করেন না; তাঁদেরও পরিবার, সন্তান ও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। বদলিতে বৈষম্য, পে-স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা এবং উৎসব ভাতায় বঞ্চনা শিক্ষকদের মধ্যে হতাশা ও সরকারের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে। তাই শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের আন্তরিক ও সময়োপযোগী উদ্যোগ প্রয়োজন।
নিয়োগপদ্ধতির ভিন্নতার দায় শিক্ষকদের নয়। তাই বদলিতে বৈষম্য নয়, চাই ন্যায়সংগত ও মানবিক সিদ্ধান্ত; আগামী ঈদ থেকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা।
ইয়াছমিন আক্তার
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
আচলচিলা উচ্চ বিদ্যালয়
মতলব দক্ষিণ, চাঁদপুর।