০৫ আগস্ট ২০২৬, ১৫:১৪

প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব

আসিফ নজরুল  © ফাইল ছবি

২০২৪ সালের জুলাই আন্দোলন, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আলোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফিস নজরুল। তিনি বলেছেন, ‘হাজারো মানুষকে হত্যার এবং আরও বহুগুণ মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়ার বিচার না হলে, প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব। আমিও নামব।’

বুধবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। একাত্তরের ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দের দিন আজ।’

আফিস নজরুল দাবি করেন, জুলাইয়ের আন্দোলন শুরুতে শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি অনিবার্য হয়ে ওঠে। তিনি এ ঘটনাকে ১৯৭১ সালের ২৫ মার্চের পর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠার সঙ্গে তুলনা করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল—এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে তাঁর মতে, স্বাধীন বাংলাদেশে জনরোষে দলটিকে একাধিকবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে, যার কারণ দলটির আত্মসমালোচনার অভাব এবং ক্ষমতা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মধ্যে আত্মসমালোচনা বা অনুশোচনার সংস্কৃতি নেই। তাঁর ভাষায়, দলটি শেখ পরিবারকে রাষ্ট্রের মালিক হিসেবে বিবেচনা করে এবং মুক্তিযুদ্ধকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে তিনি মনে করেন।

অন্য রাজনৈতিক দলগুলোরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে আফিস নজরুল বলেন, তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ ও সীমাহীন দমন-পীড়নের প্রবণতা তিনি অন্য কোনো দলের মধ্যে দেখেননি।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে তাঁর আপত্তি নেই। তবে তাঁর দাবি, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে আবারও আন্দোলনে নামতে প্রস্তুত তিনি।

তিনি বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা মৃত্যুভয়কে জয় করেই বেঁচে আছি। আল্লাহ যেদিন চাইবেন, সেদিন চলে যাব। কিন্তু যত দিন বেঁচে থাকব, বাংলাদেশের শিশু ও তরুণদের বুকে গুলি চালানো খুনীকে একবিন্দুও ভয় করব না, এক মুহূর্তের জন্যও ক্ষমা করব না।’

আফিস নজরুল তার স্ট্যাটাসে আরও বলেন, ‘জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন।’