বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন আজ
বাংলা সাহিত্য ও সংগীতের আকাশে যে নামটি বিদ্রোহ, সাম্য ও ভালোবাসার প্রতীক হয়ে জ্বলজ্বল করছে, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ ২৫ মে কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী।
দিনটি ঘিরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই অনন্য সাহিত্যিককে। বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবিকে স্মরণ করতে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা, পুস্তক প্রদর্শনী ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে কবির জীবন ও কর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। সরকারিভাবেও নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন।
শোষণ-বঞ্চনার বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন নজরুল। তার লেখনিতে যেমন ছিল বিদ্রোহের ঝংকার, তেমনি ছিল মানবতার আহ্বান। ধর্ম, বর্ণ কিংবা শ্রেণিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে এক কাতারে দেখার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। মাত্র চার দশকের সাহিত্যজীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। ‘বিদ্রোহী’, ‘সাম্যবাদী’, ‘অগ্নিবীণা’ কিংবা ‘দোলনচাঁপা’, তার প্রতিটি সৃষ্টিই বাংলা সাহিত্যে নতুন শক্তি ও চেতনার জন্ম দিয়েছে।
নজরুলের সাহিত্যকর্মে উঠে এসেছে শ্রমজীবী মানুষের সংগ্রাম, নারীর অধিকার এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি। ইসলামি সংগীতের পাশাপাশি শ্যামাসংগীত ও ভক্তিগীতিতেও ছিল তার সমান বিচরণ। ‘মানুষের চেয়ে বড় কিছু নেই’ তার লেখার এই দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ। তার লেখায় যেমন ছিল কুরআনের বাণী, তেমনি উঠে এসেছে শ্যামা, কালী কিংবা কৃষ্ণভক্তির গানও।
মানুষে মানুষে বিভেদের দেয়াল ভাঙার স্বপ্ন দেখেছিলেন বলেই মৃত্যুর পরও চেয়েছিলেন মানুষের কাছেই থাকতে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হয় কবিকে। যেখানে প্রতিদিন ধর্ম-বর্ণ ভুলে মানুষ এসে দাঁড়ায় তার কবরে শ্রদ্ধায়, ভালোবাসায়।
সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা বলছেন, নজরুলকে শুধু স্মরণ নয়, তার আদর্শ ও দর্শনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এ লক্ষ্যে তার সাহিত্য ও সংগীতকে বিভিন্ন ভাষায় অনুবাদ ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগও চলছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘আমাদের এখন লক্ষ্য হচ্ছে, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এটার জন্য সম্প্রতি আমরা নজরুল সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করেছি। যত বেশি বিদেশি ভাষায় অনুবাদ হবে, তত বেশি নজরুল বিশ্বের হয়ে উঠবে। এটার জন্য নজরুল ইনস্টিটিউট এখন কাজ করছে।’
মাত্র ৪৩ বছরের সাহিত্য জীবনে কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ মিলিয়ে দুই হাজারেরও বেশি গান আর অসংখ্য সাহিত্যকর্ম উপহার দিয়েছেন বাংলা ভাষাকে। নজরুল শুধু সাহিত্যিক ছিলেন না, ছিলেন সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। তাই শুধু স্মৃতিতে নয়, প্রয়োজন নজরুল চর্চার মাধ্যমে তার আদর্শকে ধারণ করা।