আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ এবং নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এএফএমসির ২৯তম ব্যাচ, পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ১৩তম ব্যাচ এবং নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে ২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে। পরীক্ষার ফি ১ হাজার টাকা, যা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দেওয়া যাবে। এ ফি অফেরতযোগ্য।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২০২৭ সালের ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে (http://afmc.teletalk.com.bd)। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে এএফএমসির ওয়েবসাইটে (www.afmc.edu.bd)।
আবেদনের যোগ্যতা
২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২০২৩ সালে। উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে। এইচএসসি বা সমমান পর্যায়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক।
এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.৫০ হতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৪.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
তবে পশ্চাৎপদ জনগোষ্ঠী—সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। ২০২৬ সালের ১ জুলাই প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে।
ভর্তি পরীক্ষা ও নম্বর বণ্টন
ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত তথ্য ও মানসিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ১০০ নম্বরের মধ্যে ৪০-এর কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন প্রার্থী। শুধু উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
মেধা মূল্যায়নে এসএসসি বা সমমানের জিপিএর ১৫ গুণ হিসেবে সর্বোচ্চ ৭৫ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএর ১২ গুণ হিসেবে সর্বোচ্চ ৬০ নম্বর যুক্ত হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ মোট নম্বর হবে ২০০।
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। এ ছাড়া ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা নির্ধারণ করা হবে।
শারীরিক যোগ্যতা ও অন্যান্য শর্ত
এএফএমসিতে ভর্তিচ্ছু প্রার্থীদের নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকতে হবে। উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওজন বিএমআই অনুযায়ী নির্ধারিত হবে, তবে ২০ পাউন্ড পর্যন্ত শিথিলযোগ্য। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। চশমার ক্ষেত্রে ২.৫ ডি এবং সিলিন্ড্রিক্যাল পাওয়ার +১.৫ ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। বর্ণান্ধতা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া শারীরিক বড় ধরনের ত্রুটি ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীরা অযোগ্য হবেন।
আর্মি ও নেভি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এসব কলেজে ভর্তি হওয়া ক্যাডেটদের এএফএমসিতে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।
বেসরকারি আর্মি ও নেভি মেডিকেল কলেজগুলোতে ‘স্বাধীন-অসম্পূর্ণ’ কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। নির্বাচিত প্রার্থীর দেওয়া কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে ভর্তি-পরবর্তী যেকোনো পর্যায়ে ভর্তি বাতিল করা হবে।
ও লেভেল ও এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা মেডিকেল শিক্ষা অধিদপ্তর, মহাখালী থেকে সমমান সনদ ও আইডি নম্বর সংগ্রহ করে ২০২৬ সালের ১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এএফএমসির ওয়েবসাইট www.afmc.edu.bd এবং আবেদনসংক্রান্ত ওয়েবসাইট http://afmc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।