সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সরকারি কর্মচারী-ঠাকুরগাঁও-নরসিংদীও!
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২৭০টি আসন বেড়েছে। এ নিয়ে মোট আসন বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। শুধু আসনই নয়, বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যাও।
এ বছর অনুমোদন পাওয়া নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল তো আছেই, চলতি নভেম্বরে প্রশাসনিক অনুমোদন পাওয়া সরকারি কর্মচারী মেডিকেল কলেজও আছে এই তালিকায়। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১৩ মে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে বর্তমান রাষ্ট্রপতির নির্বাচনি এলাকায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার। একমাস পর ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনি এলাকায় অনুমোদন পায় নরসিংদী মেডিকেল কলেজ।
আর ঢাকা মেডিকেল কলেজের দেড় কিলোমিটারের দূরত্বে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেওয়া হয় চলতি মাসের ৯ তারিখে। তিনটি প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামোই নির্মাণ করা হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তিনটি প্রতিষ্ঠানেই ৫০টি করে এমবিবিএস কোর্সের আসন নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস কোর্সে দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজসমূহের মোট আসন সংখ্যা ৫২৭০টি। বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে মোট আসন সংখ্যা ৫৪৫টি।
কলেজভিত্তিক তালিকা যাচাই করে দেখা গেছে, এমবিবিএস কোর্সে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, রংপুর, পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ এবং আগারগাঁওয়ের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আসন রয়েছে ২২০টি।
২০০টি করে আসন রয়েছে চারটি প্রতিষ্ঠানে। এগুলো হলো— কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজ। আর ১২৫টি করে আসন রয়েছে গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে।
১০০টি করে আসন থাকা প্রতিষ্ঠানগুলো হলো— কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেল।
৭৫টি করে আসন রয়েছে রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে। একইভাবে ৫০টি করে আসন রয়েছে হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোণা, ঠাকুরগাঁও, নরসিংদী এবং সরকারি কর্মচারী মেডিকেলে।
বিডিএস কোর্সের ক্ষেত্রে ঢাকা ডেন্টাল কলেজে ১১০ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৬০টি আসন রয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল ডেন্টাল ইউনিটে ৫৯, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৬ এবং সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল শের-ই-বাংলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।