রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ নিতে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা। আজ মঙ্গলবার সকাল ১০টায় পরিচালকের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
মেডিকেল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ ও ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের মধ্যে শুভ ও নাহিদ ছিলেন। সে সময় তাদের দুজনের দুই বছর ইন্টার্নশিপ বাতিল ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এই দুই নেতা রামেক হাসপাতালে পরিচালকের কক্ষে অবস্থান নিয়েছেন খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পরবর্তী সময়ে ছাত্রদলের নেতাকর্মীরাও যুক্ত হন। এ সময় তারা পরিচালকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, শাস্তির দুই বছর মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য শুভ কর্মকার ও নাহিদ হাসান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাদের হাসপাতালের পরিচালকের কক্ষে ডাকা হয়।
জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ছাত্রলীগের দুই নেতা হাসপাতালের পরিচালকের কক্ষে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই দুই নেতাকে আটক করে থানায় নিয়ে এসেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হলেই সরাসরি কাজ শুরুর নিয়ম নেই; নিয়মানুযায়ী নতুন আবেদনের পর অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলেই কেবল যোগদান সম্ভব। কিন্তু শুভ ও নাহিদ নিয়ম না মেনে আবেদনের পূর্বেই পরিচালকের সাথে দেখা করতে আসেন। অপ্রীতিকর পরিস্থিতির পর তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত এই দুই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বে ঘটে যাওয়া সহিংসতা ও রাজনৈতিক নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। হাসপাতাল চত্বর থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।