০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯

পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে বাংলাদেশিদের পড়ার সুযোগ, আবেদন যেভাবে

পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়ার সুযোগ  © টিডিসি সম্পাদিত

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পড়াশোনার কথা ভাবছেন অনেক শিক্ষার্থী। তাদের জন্য পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়ার সুযোগ তৈরি হয়েছে। দেশটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএসে ২০টি এবং বিডিএসে পাঁচটিসহ মোট ২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। তবে এই সুযোগ পেতে আবেদনকারীদের পূরণ করতে হবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, ভর্তি পরীক্ষা ও অন্যান্য শর্ত। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বিদেশি শিক্ষার্থী হিসেবে পাকিস্তানের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), এফএসসি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি রসায়ন ও জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে।

আবেদনকারীদের ইসলামাবাদের ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি) থেকে শিক্ষাগত যোগ্যতার সমমান সনদ (ইকুইভ্যালেন্স সার্টিফিকেট) সংগ্রহ করতে হবে। এ ছাড়া নির্ধারিত ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে অন্তত একটিতে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষাগুলো হলো—স্যাট-২, ফরেন এমসিএটি, ইউক্যাট অথবা এমডিসিএটি। স্যাট-২ পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫০ নম্বর এবং ইউক্যাটে প্রয়োজনীয় বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্র চার কপি পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদ ও নম্বরপত্র, চার কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে আইবিসিসি থেকে ইস্যু করা শিক্ষাগত যোগ্যতার সমমান সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদনপত্র পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকার গুলশান-২-এ অবস্থিত পাকিস্তান হাইকমিশনে জমা দিতে হবে। আবেদন পৌঁছানোর শেষ সময় আগামী ১৬ নভেম্বর।

ভর্তির ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় থাকবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মেধা, পছন্দ এবং আসনপ্রাপ্তির ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের সুপারিশ থাকতে হবে। চূড়ান্ত ভর্তি ও যোগ্যতা নির্ধারণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গ্রহণ করবে। পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং প্রয়োজনীয় ভিসা ও অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

তবে এ সুযোগের আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে—এমন নিশ্চয়তা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। বরং এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ফি, যাতায়াত, আবাসনসহ অন্যান্য ব্যয় নিজেদের বহন করতে হবে।