বিসিপিএসের ‘রেডিওথেরাপি’ বিষয়ের নাম এখন ‘ক্লিনিক্যাল অনকোলজি’
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ‘রেডিওথেরাপি’ বিষয়ের নাম পরিবর্তন করে ‘ক্লিনিক্যাল অনকোলজি’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ফ্যাকাল্টির ২০২৬–২০২৮ মেয়াদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। আধুনিক ক্যান্সার চিকিৎসার বিস্তৃত পরিসর ও আন্তর্জাতিক চিকিৎসাশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিপিএস।
একই সঙ্গে দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই সভায়।
বিসিপিএসের ফ্যাকাল্টি অব রেডিওথেরাপির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।
জানা গেছে, ক্লিনিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে ‘রেডিওথেরাপি’ বিষয়টির নাম পরিবর্তনের প্রস্তাব সভায় উত্থাপন করা হয়। আলোচনা শেষে ফ্যাকাল্টির সদস্যরা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। ফ্যাকাল্টি অব রেডিওথেরাপির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।
এ সময় দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়লেও প্রয়োজনের তুলনায় দক্ষ ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ঘাট মোকাবিলায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে উচ্চতর চিকিৎসাশিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বিসিপিএস সভাপতি।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু সেই তুলনায় দক্ষ ও প্রশিক্ষিত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। ক্যান্সার চিকিৎসায় আধুনিক রেডিওথেরাপি যন্ত্রপাতি, উন্নত রোগনির্ণয় প্রযুক্তি এবং সমন্বিত চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ প্রয়োজন। একই সঙ্গে এসব প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার ও রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। তিনি উচ্চতর চিকিৎসাশিক্ষা, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. ফিরোজ বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, আধুনিক ক্যান্সার চিকিৎসার বিস্তৃত পরিসর এবং আন্তর্জাতিক চিকিৎসাশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টির নাম যুগোপযোগী করা প্রয়োজন। তিনি নাম পরিবর্তনের উদ্যোগকে সমর্থন করেন এবং পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, আধুনিক ক্লিনিক্যাল অনকোলজি শুধু রেডিওথেরাপির মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় রেডিওথেরাপির পাশাপাশি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, প্রিসিশন অনকোলজি ও প্যালিয়েটিভ কেয়ারসহ ক্যান্সার চিকিৎসার বিভিন্ন ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, আধুনিক ক্যান্সার চিকিৎসার চাহিদা পূরণে উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে উচ্চতর চিকিৎসাশিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
সভায় যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব রেডিওলজিস্টসের (আরসিআর) সঙ্গে বিসিপিএসের একাডেমিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বিসিপিএসের এফসিপিএস (রেডিওথেরাপি) এবং যুক্তরাজ্যের এফআরসিআর (ক্লিনিক্যাল অনকোলজি) ডিগ্রিসংশ্লিষ্ট শিক্ষা, প্রশিক্ষণ ও পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং ভবিষ্যতে পারস্পরিক স্বীকৃতির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সভায় মেডিকেল ফিজিক্স কোর্স পুনরায় চালু, আধুনিক রেডিওথেরাপি যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষণ, মানসম্মত প্রশ্নব্যাংক তৈরি, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সেমিনার আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ এবং মিড-টার্ম পরীক্ষার পদ্ধতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।