১৫ অক্টোবর ২০২৬, ১৭:১২

আদ-দ্বীন মেডিকেলে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ

আদ-দ্বীন মেডিকেলে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠান  © সংগৃহীত

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের দেশী-বিদেশী নবীন ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ইন্টার্ন ইনডাকশন ও অওথ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ডা. ইব্রাহিম থিয়েটার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের শপথ গ্রহণের পাশাপাশি হাসপাতালের নিয়ম-কানুন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আখতার নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং শপথ পাঠ পরিচালনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবা করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আদ-দ্বীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি প্রফেসর ডা. মো. হারুন আল রশীদ বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, তাদের সামনে মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবীন চিকিৎসকেরা তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এবং আদ-দীনের সুনাম আরও সমুন্নত রাখবেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ডা. মো. আফিকুর রহমান, আদ-দ্বীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, সমাপনী বক্তব্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুস সবুর। ইন্টার্ন ইনডাকশন সেশনে নবীন চিকিৎসকদের দায়িত্বশীল, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।