দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটসহ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মোট ১৪০টি। এর প্রায় অর্ধেকই অবস্থিত ঢাকা বিভাগে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ব্যানবেইসের প্রতিবেদন বলছে, দেশে মোট ১০৯টি মেডিকেল কলেজ, ৬টি সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ এবং ৩৫টি ডেন্টাল কলেজ ও মেডিকেলের ডেন্টাল ইউনিট রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭ (৮টি ডেন্টাল ইউনিটসহ), বেসরকারি মেডিকেল কলেজ ৭২টি (১৪টি ডেন্টাল ইউনিটসহ) এবং সরকারি ডেন্টাল কলেজ একটি এবং বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে ১২টি। এসবের ৭৪টি প্রতিষ্ঠানই অবস্থিত ঢাকা বিভাগে, যা মোট মেডিকেল ও ডেন্টাল কলেজের ৪৯.৩৩ শতাংশ। প্রতিবেদনে মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে ডেন্টাল কলেজের সঙ্গে তালিকাভুক্ত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে মেডিকেল কলেজ ৫১টি, সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ একটি এবং একটি সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসহ সরকারি-বেসরকারি ডেন্টাল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২২টি। এরপর সবচেয়ে বেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে ১৬টি মেডিকেল কলেজ, ২টি সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ এবং ২টি ডেন্টাল কলেজ ও ইউনিটসহ মোট ২০টি প্রতিষ্ঠান অবস্থান করছে, যা মোট প্রতিষ্ঠানের ১৩.৩৩ শতাংশ।
রাজশাহী বিভাগে মোট ১৫টি (১০.০০ শতাংশ) প্রতিষ্ঠানের মধ্যে ১১টি মেডিকেল কলেজ, ১টি সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ এবং ৩টি ডেন্টাল কলেজ ও ইউনিট রয়েছে। খুলনা বিভাগে (৬.৬৭%) রয়েছে ৯টি মেডিকেল কলেজ এবং একটি সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ; এখানে কোনো ডেন্টাল কলেজ বা ইউনিট নেই। এছাড়া সিলেট বিভাগেও অনুরূপভাবে (৬.৬৭%) ৭টি মেডিকেল কলেজ এবং ৩টি ডেন্টাল কলেজসহ মোট ১০টি প্রতিষ্ঠান রয়েছে।
রংপুর বিভাগে মোট ৯টি (৬.০০%) প্রতিষ্ঠানের মধ্যে ৬টি মেডিকেল কলেজ, একটি সশস্ত্র বাহিনী ও আর্মি মেডিকেল কলেজ এবং ২টি ডেন্টাল কলেজ অন্তর্ভুক্ত রয়েছে। ময়মনসিংহ বিভাগে ৬টি মেডিকেল কলেজ এবং ২টি ডেন্টাল কলেজসহ মোট ৮টি (৫.৩৩%) প্রতিষ্ঠান রয়েছে। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ, ২.৬৭ শতাংশ। এ বিভাগে ৩টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল ইউনিট নিয়ে মোট ৪টি প্রতিষ্ঠান রয়েছে।