টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ স্থান করে নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে এটিকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সার্বিক কার্যক্রম এবং ২০২৬ সালের মার্চ মাসে জমা দেওয়া তথ্যের সূচক বিশ্লেষণ করে আন্তর্জাতিক এই সম্মানজনক র্যাংকিং তালিকায় বিএমইউকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসা শিক্ষার মান, গবেষণা ও আন্তর্জাতিক সংযোগের সার্বিক অগ্রগতি বিবেচনায় আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির এটি একটি তাৎপর্যপূর্ণ অভিষেক।
প্রকাশিত আন্তর্জাতিক এই র্যাংকিং সূচকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওভারঅল (Overall) স্কোর এসেছে ৩০.৫। অন্যান্য প্রধান সূচকগুলোর মধ্যে গবেষণার মানে বিশ্ববিদ্যালয়টি অর্জন করেছে সর্বোচ্চ ৫২.৩ নম্বর। এছাড়া শিক্ষাদান সূচকে ২৬.৪, গবেষণা পরিবেশে ১২.২, ইন্ডাস্ট্রি সংযোগে ২০.৫ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৩৬.৯ স্কোর লাভ করেছে প্রতিষ্ঠানটি।
যে সময়ের সার্বিক কার্যক্রমের ওপর এই সাফল্য, সে সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ছিলেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে এই আন্তর্জাতিক র্যাংকিংয়ের জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, তথ্য ব্যবস্থাপনা ও র্যাংকিং কমিটির কার্যক্রম এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত। আজকের এই অর্জন সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, এটিই শেষ নয়—এটি একটি নতুন যাত্রার শুরু। আগামী দিনে রিসার্চ কোয়ালিটি ও রিসার্চ এনভায়রনমেন্ট আরও শক্তিশালী করা, উচ্চমানের আন্তর্জাতিক গবেষণা ও সাইটেশন বৃদ্ধি, গ্লোবাল কোলাবরেশন, পোস্টগ্রাজুয়েট এডুকেশন এবং আন্তর্জাতিকায়নের ওপর আরও গুরুত্ব দিয়ে বিএমইউর অবস্থানকে ক্রমাগত উন্নত করার সুযোগ রয়েছে। আমাদের লক্ষ্য হোক—শুধু র্যাংকিংয়ে থাকা নয়, একটি বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউকে প্রতিষ্ঠিত করা।
অধ্যাপক ডা. শাহিনুল আলম বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, র্যাংকিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, গবেষক, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র বিএমইউ পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।