১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১

আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে ডিপ্লোমায় ভর্তি, আবেদন শুরু ১ অক্টোবর

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি  © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (এএফএমআই) ঢাকা সেনানিবাসে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ও ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার বছর মেয়াদি এসব কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। 

এ ভর্তি কার্যক্রম আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) ও সেনাকল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এএফএমআইয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কোর্সসমূহ
ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজির আওতায় রয়েছে- মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি মেডিসিন); মেডিকেল টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ; মেডিকেল টেকনোলজি (ডেন্টিস্ট্রি; মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি); মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপি); ওটিএ (অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট); আইসিএ (ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট) ও ডিপ্লোমা ইন ফার্মেসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুসৃত শিক্ষাক্রমের আওতায় এসব কোর্স পরিচালিত হবে। প্রশিক্ষণের সুযোগ থাকবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকা, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, মিলিটারি ডেন্টাল সেন্টার এবং আর্মড ফোর্সেস মেডিকেল স্টোরস ডিপো, ঢাকা সেনানিবাসে।

যোগ্যতা
প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমানে জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এবং এ বিষয়ে ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সন্তানদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন ও ফি
অনলাইনে আবেদন করা যাবে ১ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন করতে হবে এএফএমআইয়ের ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে কোনো জটিলতা দেখা দিলে সশরীরে এএফএমআই, ঢাকা সেনানিবাসে গিয়ে আবেদন করা যাবে।

ভর্তির আবেদন ফি ৭০০ টাকা। এ ফি অফেরতযোগ্য।

ভর্তি পরীক্ষা
আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এএফএমআই, ঢাকা সেনানিবাসে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচনের সময়সূচি
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ নভেম্বর। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ নভেম্বর।

চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ প্রার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সনদপত্র জমা
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডিএমটি) কোর্সে ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রগুলো আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকা সেনানিবাসে জমা দিতে হবে। প্রশিক্ষণ চলাকালীন এসব সনদপত্র প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে