০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১

পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইইউ) সহযোগী অধ্যাপক পদে কর্মরত ১৮ জন চিকিৎসককে ফিডার পদে নির্ধারিত সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা ‘প্রমার্জনা’ (শিথিল) করে অধ্যাপক পদে পদোন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনের পর আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিএমইউ উপাচার্যকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে পাঠানো চিঠিতে সই করেছেন উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম।

ফিডার পদে পূর্ণ অভিজ্ঞতা ছাড়া অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন—অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি বিভাগের ডা. রিফাত রহমান, ডা. সৈয়দা উম্মে কুলছুম, ডা. নিগার সুলতানা, ডা. খাদেজা খাতুন, ডা. কাজী ফারহানা বেগম, ডা. তানজিলা হালিম, ডা. সালমা আক্তার মুনমুন, ডা. রওশন আরা, ডা. সাবিহা ইসলাম ও ডা. মোছা. আসমা-উল-হোসনা, জেনারেল সার্জারি বিভাগের ডা. মো: সাইফুল ইসলাম ও ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াক, কলোরেক্টাল সার্জারি বিভাগের ডা. মু. সহিদুল ইসলাম, হেমাটোলজি বিভাগের ডা. মো. আদনান হাসান মাসুদ, কার্ডিওলজি বিভাগের ডা. লোহানী মো. তাজুল ইসলাম, ইন্টারনাল মেডিসিন বিভাগের ডা. মো. মিজানুর রহমান খান, ক্লিনিক্যাল অনকোলজির ডা. শামসুন নাহার এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ডা. সাইফুল আজম।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়: অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ও সভাপতি-সেক্রেটারিসহ ৯ ড্যাব নেতা

চিঠিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ শর্ত অনুযায়ী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এই ১৮ জন চিকিৎসকের ক্ষেত্রে সেই সময়সীমার শর্ত প্রমার্জন প্রস্তাবটি অনুমোদন করেছেন।

একই সাথে এতে সময়সীমা মার্জনের এই সিদ্ধান্ত গ্রহণের পর সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়কে পরবর্তী প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল আরেক প্রজ্ঞাপনে ফিডার পদে অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখা সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ ও সাবেক সভাপতি ডা. মো. আব্দুস সালামসহ ১০ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।